শ্রীনগর , সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারত-শাসিত কাশ্মীর কর্তৃপক্ষ সরকার-বিরোধী আন্দোলনে কারাবন্দি বিক্ষোভকারীদের মুক্তি দেবে। সেইসঙ্গে শ্রীনগরে কমানো হবে তল্লাশি কেন্দ্রের সংখ্যাও।
কাশ্মীরে চলমান উত্তেজনা প্রশমনে ভারত সরকারের উদ্যোগের আওতায় কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিচ্ছে।
এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বুধবার একথা জানিয়েছেন।
নিরাপত্তা বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে কাশ্মিরের স্বরাষ্ট্র সচিব বি.আর.শর্মা বলেছেন, "বিক্ষোভের সময় পাথর ছোড়ার কারণে গ্রেপ্তার হওয়া ছাত্র ও তরুণদের অবিলম্বে মুক্তি দেবে রাজ্য সরকার।"
''এছাড়া শ্রীনগর শহর থেকে ১৬ টি বাংকার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান শর্মা।"
এ এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা বলে মন্তব্য করেন তিনি।
তবে কয়জন বিক্ষোভকারীকে মুক্তি দেয়া হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
কাশ্মীরে গত কয়েকমাসের সরকার বিরোধী বিক্ষোভে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের বেশিরভাগেরই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। আরো অসংখ্য বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুসলিম অধ্যুষিত অঞ্চল কাশ্মীর নিয়ে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ১৯৪৭ সাল থেকে বিরোধ চলে আসছে ভারতের। সম্প্রতি অঞ্চলটিতে ভারত বিরোধী বিক্ষোভ ও ধর্মঘট ব্যাপক আকার ধারণ করেছে। ধর্মঘট ও কারফিউয়ের কারণে ওই অঞ্চলের বেশির ভাগ দোকানপাট, অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯০৪ ঘ.
bdnews24