জেনেভা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চলতি বছরের মে মাসে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি নৌ কমান্ডোদের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষজ্ঞ দল।
বিশেষজ্ঞ দল বুধবার এক প্রতিবেদনে বলেন, ত্রাণবহরে হামলা ছিল স্পষ্টত অবৈধ এবং হামলা চালিয়ে ইসরায়েল মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক ত্রাণ তৎপরতা আইনের লঙ্ঘন করেছে।
৩১ মে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের ঐ হামলায় তুরস্কের আট ও তুরস্ক বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক নিহত হয়।
ওই ঘটনা তদন্তে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ব্রিটেন ও ত্রিনিদাদের দুই বিচারক এবং মালয়েশিয়ার এক মানবাধিকার আন্দোলনকারীকে মনোনয়ন দেয়।
বিশেষজ্ঞরা প্রতিবেদনে বলেন, নৌবহরে বাধা দিতে গিয়ে ইসরায়েলের সেনারা অসম শক্তি প্রয়োগ করে একেবারেই অপ্রয়োজনীয় ও বিস্ময়কর এক সহিংসতার জন্ম দিয়েছে।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কাছে আগামী ২৭ সেপ্টেম্বর প্রতিবেদনটি পেশ করবে তদন্তকারী বিশেষজ্ঞ দল।
প্রতিবেদনে তারা বলেন, "এটা ছিল মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবিক ত্রাণ তৎপরতা আইনের গুরুতর লঙ্ঘন।"
তাছাড়া ইসরায়েলের গাজা অবরোধ অবৈধ এবং তা মানবিক সংকট সৃষ্টি করেছে বলেও জানান বিশেষজ্ঞরা।
গাজা অবরোধ করে ইসরায়েল ঐ উপত্যকার বিপুল সংখ্যক বেসামরিক জনগণকে শাস্তি দিচ্ছে এবং তা কোনো অবস্থাতেই সঙ্গত নয় বলে জানান তারা।
পাশাপাশি হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে রকেট হামলা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি এবং মানবাধিকার আইনের পরিপন্থি বলেও উল্লেখ করেন বিশেষজ্ঞরা।
ঘটনাটি তদন্তে ইসরায়েলে প্রবেশের অনুমতি না পাওয়া এ মানবাধিকার বিশেষজ্ঞরা বলেন, তাদের কাজে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।
ঐ সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১১২৪ ঘ.
bdnews24