২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইস মন্ত্রিসভায় প্রথম নারী সংখ্যাধিক্য

সুইজারল্যান্ডে নারীরা ভোটাধিকার পেয়েছে ৪০ বছরও হয়নি। কিন্তু এরই মধ্যে বুধবার মন্ত্রিসভা ফেডারেল কাউন্সিলের বেশিরভাগ আসন দখল করেছে নারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 03:43 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

জুরিখ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সুইজারল্যান্ডে নারীরা ভোটাধিকার পেয়েছে ৪০ বছরও হয়নি। কিন্তু এরই মধ্যে বুধবার মন্ত্রিসভা ফেডারেল কাউন্সিলের বেশিরভাগ আসন দখল করেছে নারীরা। বুধবার সুইস পার্লামেন্ট আরো এক নারী মন্ত্রী নির্বাচন করায় প্রথমবারের মতো সুইজারল্যান্ডের ইতিহাসে মন্ত্রিসভায় নারীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফেডারেল কাউন্সিলের শূন্য দুইটি আসনের একটি পূরণের জন্য সুইস পার্লামেন্ট সোশ্যাল ডেমোক্রেট পার্টি সদস্য সিমোনেট্টা সোমারুগাকে (৫০) নির্বাচন করেছে। সুইজারল্যান্ডের সাত সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় চতুর্থ নারী মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সোমারুগা। একেই বলা হচ্ছে ঐতিহাসিক পদক্ষেপ। কারণ, এতে করে সুইস মন্ত্রিসভায় নারীরা সংখ্যাধিক্য অর্জন করেছে। এর আগে মন্ত্রিসভায় তিনজন নারী মন্ত্রী ছিলেন। অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর তুলনায় অনেক পরে মাত্র কয়েক দশক আগে ১৯৭২ সালে সুইস নাররা ভোটাধিকার পেয়েছে। ইউরোপের রাজনৈতিক ইতিহাসে কোন দেশের মন্ত্রিসভায় নারীদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ঘটনা বিরল, তবে এটিই প্রথম নয়। ২০০৮ সালে স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস রড্রিগুয়েজ সর্বপ্রথম তার মন্ত্রিসভায় পুরুষ সদস্যের তুলনায় বেশি নারী মন্ত্রী নিয়োগ দিযেছিলেন। এছাড়া ফিনল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে আইল্যান্ডের মন্ত্রিসভায় নারী সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকবম/বিবি/বিসিএস/এলকিউ/২১২৬ ঘ.