২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্র ভারত: মার্কিন প্রতিবেদন

নতুন এক মার্কিন সরকারি প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্র হিসাবে স্থান পেয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ওয়াশিংটন , সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নতুন এক মার্কিন সরকারি প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্র হিসাবে স্থান পেয়েছে ভারত। আর যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নের পর চতুর্থ সর্বোচ্চ ক্ষমতাধর হিসাবে তালিকাভুক্ত হয়েছে ভারত ব্লক। যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ইনটেলিজেন্স কাউন্সিল' (এআইসি) এবং 'ইউরোপীয় ইউনিয়ন ইন্সটিটিউট ফর সিকিউরিটি স্টাডিজ' (ইইউআইএসএস) যৌথভাবে ''গ্লোবাল গভার্নেন্স ২০২৫'' শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করেছে। ২০১০ সালে নতুন বিশ্বশক্তিগুলোর ক্রমতালিকার এ নতুন প্রতিবেদনে ধারণা প্রকাশ করে আরো বলা হয়েছে, বিশ্বে নয়া দিল্লির বর্তমান প্রভাব ২০২৫ সাল নাগাদ আরো বাড়বে। অন্যান্য অনেক দেশের মধ্যে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের বিষেশজ্ঞদের বিচার-বিশ্লেষণ ও বৈশ্বিক দৃশ্যপট নিয়ে তাদের ভাবনার প্রতিফলন ঘটেছে এ প্রতিবেদনে। আগামী ২৫ বছরে বিশ্ব শাসনের ধারায় কি ঘটতে পারে তাই তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। ২০১০ সালে ক্ষমতাধর রাষ্ট্র এবং অঞ্চলগুলোর মধ্যে প্রায় ২২ শতাংশ পরাক্রম নিয়ে শীর্ষ স্থান অধিকার করেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় যুক্তরাষ্ট্রের পর ১৬ শতাংশ আধিপত্য নিয়ে ২য় অবস্থানে রয়েছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন। এরপর ৮ শতাংশ প্রভাব নিয়ে ভারত রয়েছে তৃতীয় অবস্থানে। ভারতের পর জাপান, রাশিয়া এবং ব্রাজিল শতকরা পাঁচ শতাংশের কম ক্ষমতা নিয়ে পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে। আন্তর্জাতিক ভবিষ্যতের এ মডেলে অনুসারে ২০১৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্র , ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং রাশিয়ার ক্ষমতা কমে যাবে। অন্যদিকে, একইসময়ে চীন, ভারত ও ব্রাজিল ক্ষমতাধর হয়ে উঠবে। তবে এতে তালিকায় কোন পরিবর্তন আসবে না। ২০১৫ সালেও যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের তালিকায় শীর্ষে অবস্থান করবে। তবে তখন বিশ্বে ১৮ শতাংশের চেয়ে খুব বেশি পরাক্রম যুক্তরাষ্ট্রের থাকবে না। যুক্তরাষ্ট্রের পর ১৬ শতাংশ পরাক্রম নিয়ে চীন দ্বিতীয় অবস্থানে, ইউরোপীয় ইউনিয়ন ১৪ শতাংশ নিয়ে তৃতীয় এবং ১০ শতাংশ ক্ষমতা নিয়ে ভারত চতুর্থ অবস্থানে থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২০০ঘ.