ওয়াশিংটন, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পরমাণু অস্ত্রের আকাক্সক্ষা 'বাস্তব সমস্যা' হলেও দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা এ সংকট সমাধানে 'আদর্শ পথ' নয় বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সোমবার সিএনবিসির অর্থায়নে আয়োজিত এক সভায় ওবামা বলেন, "এ সমস্যা সমাধানের জন্য আমরা কূটনীতিক প্রচেষ্টা চালিয়ে যাব।"
তিনি আরো বলেন, "ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ কিংবা সামরিক অভিযান এ সমস্যা সমাধানে আদর্শ পথ বলে আমাদের মনে হয় না। তবে সমস্যা সমাধানে সবধরনের সম্ভাবনাই আমরা খতিয়ে দেখছি।"
ইরানে মার্কিন বা ইসরায়েলি সামরিক হামলা হলে পাল্টা হামলা হিসাবে জন্য ওই অঞ্চলে অস্থিতিশীলতার সৃষ্টির লক্ষ্যে তেহরান লেবাননের হিজবুল্লাহ ও গাজায় হামাসের মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কে দিতে পারে বলে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা সতর্ক করে দিয়েছে।
আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে অস্বীকৃতি জানালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইরান বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি করলেও দেশটি আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে বলে ইসরায়েলসহ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১১৫ঘ.
bdnews24