নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অর্থাভাবে বিশ্বের দরিদ্র দেশগুলোতে শিশু শিক্ষার অগ্রগতি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে 'গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন।'
২০১৫ সাল নাগাদ দারিদ্র ও ক্ষুধা দূরীকরণের জাতিসংঘ লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনার জন্য বিশ্ব নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে এ সতর্কবার্তা জানালো হলো।
এক শ' টিরও বেশি মানবাধিকার সংগঠনের জোট 'গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন' বিশ্বের ৬০ টি দরিদ্র দেশের ওপর ভিত্তি করে রচিত প্রতিবেদনে বলেছে, বিশ্বে ৬ কোটি ৯০ লাখ শিশু এখনো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
কিন্তু কেবল পড়ার সক্ষমতা নিয়ে যদি ঐ শিশুরা স্কুল ত্যাগ করতো তাহলে প্রায় ১৭ কোটি ১০ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেত বলে প্রতিবেদনে বলা হয়।
ক্যাম্পেইনের প্রেসিডেন্ট কৈলাস সত্যার্থি বলেন, "বিজ্ঞানীরা যদি জিনগতভাবে খাদ্রশস্যের উন্নয়ন ঘটাতে পারে এবং নাসা মঙ্গলগ্রহে অভিযান পরিচালনা করতে পারে তাহলে রাজনীতিকরা অবশ্যই বিশ্বের কোটি কোটি শিশুকে স্কুলে পাঠিয়ে একটি প্রজন্মের শিশুদের ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো সম্পদ খুঁজে পাবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬১৯ ঘ.
bdnews24