২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সঙ্গে যোগযোগ বন্ধ করলো চীন

চীন রোববার জাপানের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বন্ধ করেছে। জাপানের নিরাপত্তা বাহিনীর হাতে চীনা নাগরিক আটকের ঘটনা নিয়ে বিরোধে চীন এ পদক্ষেপ নিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

বেইজিং/ টোকিও, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ চীন রোববার জাপানের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বন্ধ করেছে। জাপানের নিরাপত্তা বাহিনীর হাতে চীনা নাগরিক আটকের ঘটনা নিয়ে বিরোধে চীন এ পদক্ষেপ নিল। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, চীনা নাগরিককে মুক্ত করতে জাপানের সঙ্গে মন্ত্রী ও প্রাদেশিক-পর্যায়ের আলোচনা স্থগিত করেছে বেইজিং। বন্ধ হয়ে গেছে বিমান চলাচল ও কয়লা নিয়ে দ্বিপক্ষীয় আলোচনাও । এর আগে জাপানের একটি আদালত চীনা ক্যাপ্টেনের আটকাদেশের মেয়াদ বাড়ায়। তারপরই চীন আলোচনা বন্ধের এ সিদ্ধান্ত নিল। চীন কোনোরকম পূর্বশর্ত ছাড়া অবিলম্বে ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওক্সু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ দাবি জানান। উল্লেখ্য, এ মাসের শুরুতে পূর্ব চীন সাগরের একটি দ্বীপের কাছে বিরোধপূর্ণ জলসীমায় জাপানি জাহাজের সঙ্গে চীনা মাছ ধরা ট্রলারের সংঘর্ষ হলে সবাইকে আটক করে জাপানি উপকূলরক্ষী বাহিনী। পরবর্তী সময়ে ১৪ জনকে ছেড়ে দিলেও ক্যাপ্টেনকে ছাড়েনি জাপান কর্তৃপক্ষ। ক্যাপ্টেন ইচ্ছাকৃত ভাবে জাপানের টহল জাহাজকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ করেছে টোকিও। চীনা ক্যাপ্টেনের মুক্তির দাবিতে শনিবার বেইজিংয়ে জাপানি দূতাবাসের সামনে প্রায় শতাধিক চীনা নাগরিক বিক্ষোভ করেছে। এ সময় তারা ওই নাবিকের মুক্তির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দেয়। ক্যাপ্টেনের মুক্তির দাবিতে বিক্ষোভের সময় শত শত পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের ঘিরে রেখেছিল। বিক্ষোভকারীরা, "আমাদের ক্যাপ্টেনকে ফিরিয়ে দাও, এক্ষুণি তাকে ছাড়তে হবে" বলে স্লোগান দেয়। তবে কড়া নিরাপত্তা এবং বৃষ্টির কারণে বড় ধরনের জমায়েত ঘটাতে ব্যর্থ হয় তারা। বিষয়টি নিয়ে এশিয়ার দুই পরাশক্তি চীন ও জাপানের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারী দলটি বেইজিংয়ে জাপানি দূতাবাসের সামনে অবস্থান নেয়। এদের বেশিরভাগের বয়সই ২০ এর নিচে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৫৮ ঘ.