২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ২শ' কোটি ডলার সাহায্যের ডাক জাতিসংঘের

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে দুর্গতদের পুনর্বাসনের জন্য শুক্রবার সদস্য রাষ্ট্রগুলোর কাছে ২শ' কোটি মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 08:08 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে দুর্গতদের পুনর্বাসনের জন্য শুক্রবার সদস্য রাষ্ট্রগুলোর কাছে ২শ' কোটি মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলোর কাছে এটাই জাতিসংঘের ৬৫ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাহায্যের আবেদন। এই অর্থ আগামী এক বছর বন্যাদুর্গত ১ কোটি ৪০ লাখ মানুষকে সহায়তার জন্য এই অর্থ ব্যয় করা হবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে হাইতির ভয়াবহ ভূমিকম্পের দুর্যোগ মোকাবিলায় জাতিসংঘ ১৫০ কোটি মার্কিন ডলার সহায়তার আবেদন জানিয়েছিল। অগাস্টের শুরুর দিকে পাকিস্তানে বন্যা দেখা দেয়। এতে কমপক্ষে ২ হাজার মানুষ নিহত হয়। কমপক্ষে ২ কোটি ১০ লাখ মানুষ এই দুর্যোগে কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে দেশটিতে খাদ্য বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। জাতিসংঘ জানিয়েছে, সদস্য ১৯২টি রাষ্ট্রের কাছে পুনরায় যে সাহায্য চাওয়া হয়েছে তা দিয়ে পাকিস্তানে মানবকল্যাণ, কৃষি, পুনরায় খাদ্য মজুদ ও গুদামজাতকরণ, স্বাস্থ্য, আশ্রয়সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫০ঘ.