ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে ১৪ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। এই হিসাব অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রটিতে দরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ৩৬ লাখ। বৃহস্পতিবার মার্কিন সরকার এ তথ্য জানিয়েছে।
এক বছর আগেও এ হার ছিল ১৩ দশমিক ২ শতাংশ। সে হিসাব অনুযায়ী গত বছর দেশটিতে দরিদ্র মানুষের সংখ্যা ছিল ৪ কোটি। ১৯৯৪ সাল থেকে এটাই দরিদ্র বৃদ্ধির সর্বোচ্চ হার বলে কর্মকর্তারা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের শুমারি ব্যুরো জানিয়েছে, গত বছর প্রতি সাতজনে একজন মার্কিন দারিদ্রের মধ্যে বসবাস করেছে। অর্থাৎ ৪ কোটি ৩৬ লাখ মার্কিনি দারিদ্রের মধ্যে বাস করেছে।
চার সদস্যের একটি পরিবারের বাৎসরিক আয় সর্বোচ্চ ২১ হাজার ৯৫৪ মার্কিন ডলার হলে তারা দরিদ্র সীমার নিচে বলে ২০০৯ সালে ধরা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী বিগত বছর যুক্তরাষ্ট্রে প্রতি সাতজনে একজন মানুষ দারিদ্রসীমান নিটে বসবাস করেছে।
নগদ আয়, সরকার হতে প্রাপ্ত অর্থ এবং বেকারত্ব বীমা হতে প্রাপ্ত সব মিলিয়ে এর নিচে হলে তাকে দরিদ্র বলা হয়েছে এই রিপোর্টে।
এই চিত্র দেখে খুব সহজেই মার্কিন অর্থনীতির পতন বোঝা যায় এবং আগামী নভেম্বরে কংগ্রেস নির্বাচনে ডেমোক্রেটদের জন্য এটা মোটেই ভালো খবর নয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন "আমাদের অর্থনীতি তিন বছর আগে মন্দায় পড়েছে এবং এর ফলে খুব দ্রুত আবাসন পণ্য মূল্যে ধস নেমেছে।"
তিনি আরো বলেন "গত বছর আমরা মন্দার ভয়াবহতা প্রত্যক্ষ করেছি। আমাদের চাকরি হারাবার সংখ্যা বহুগুণে বাড়লেও অর্থনৈতিক মন্দা প্রতিরোধে আমাদের গৃহীত প্যাকেজের কারণেই কয়েক মিলিয়ন লোক দরিদ্রের কবল থেকে রক্ষা পেয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৩৬ঘ.
bdnews24