২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ টন স্বর্ণ কিনেছে বাংলাদেশ: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে চলতি সপ্তাহে ১০ টন স্বর্ণ কিনেছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 04:14 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে চলতি সপ্তাহে ১০ টন স্বর্ণ কিনেছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। আইএমএফ বৃহস্পতিবার একথা জানিয়েছে। ১০ মাস বিরতির পর আইএমএফ স্বর্ণ বিক্রি করল। বিশ্বের শীর্ষস্থানীয় দুটি মুদ্রা ডলার ও ইউরোর মান অস্থিতিশীল হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন অর্থের বদলে স্বর্ণ কিনছে। হংকংয়ের লি চেয়ং গোল্ড ডিলারসের পরিচালক রোনাল্ড লেয়াং বলেছেন, "দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ডলারের মান ভাল থাকবে বলে মনে হচ্ছে না। তাই চীনসহ অন্যসবাই তাদের মজুদের ক্ষেত্রে ভিন্নতা আনতে চাইছে। আমাদের অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের কেন্দ্রীয় ব্যাংকগুলো কিছু স্বর্ণ কিনবে বলে আমার ধারণা।" আইএমএফের নির্বাহী পরিষদ ২০০৯ সালের সেপ্টেম্বরে ৪০৩ দশমিক ৩ টন স্বর্ণ বিক্রির অনুমোদন দেয়। মঙ্গলবার সংস্থাটি ৪০৩ মিলিয়ন ডলারের লেনদেন করেছে। গত দুই মাসের মধ্যে ৭ সেপ্টেম্বর স্বর্ণের দাম ছিল সবচেয়ে বেশি। অন্যদিকে জুনে ১ আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ২৬৪ ডলার যা ইতিহাসে সর্বোচ্চ। গত নভেম্বরে ভারত, মরিশাস ও শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের কাছ থেকে দুশ ১২ টন স্বর্ণ কেনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/পিডি/২০৪৪ ঘ.