মিয়ামি, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার ডেভিড পেট্রাউস সোমবার ফ্লোরিডার একটি গির্জার পবিত্র কোরান পোড়ানোর পরিকল্পনার নিন্দা করে তার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।
নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার নবম বর্ষপূতি উপলক্ষে ফ্লোরিডার গেন্সভিলের 'ডোভ ওয়ার্ল্ড আউটরিচ সেন্টার' নামের গির্জার যাজক টেরি জোন্স ইসলাম ধর্মীয় পবিত্র গ্রন্থ কোরানের কপি পোড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন।
ডেভিড পেট্রাউস বলেন, কোরান পোড়ালে তা কেবল কাবুলে নয় বরং বিশ্বের সব জায়গায় মার্কিনিদের জন্য সমস্যা সৃষ্টি করবে।
এ পরিকল্পনার ব্যাপারে হোয়াইট হাউস এবং ন্যাটোও উদ্বেগ প্রকাশ করেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস মঙ্গলবার বলেন, "এ ধরনের যে কোনো পদক্ষেপ আমাদের সেনাদের জীবনকে হুমকির মুখে ফেলবে। আর তা আমাদের এ প্রশাসনের উদ্বেগের বিষয়।"
এর আগে যুক্তরাষ্ট্রের কাবুল দূতাবাস এ পরিকল্পনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।
ওদিকে, ন্যাটো প্রধান অ্যান্দ্রেস ফগ রাসমুসেন মঙ্গলবার এ পরিকল্পনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের বলেন, কোরান পোড়ানো ন্যাটো জোটের মূল্যবোধকে ক্ষুন্ন করে।
নাটের গুরু যাজক জোন্স বলেছেন, ডেভিড পেট্রাউসের সতর্কবাণী সম্পর্কে তারা অবগত এবং পেট্রাউসের বক্তব্যকে তারা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
তবে কোরান পোড়ানোর ব্যাপারে তারা মানসিকভাবে জোরালো প্রস্তুতি নিয়েছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/০০২৪ ঘ.
bdnews24