২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২০

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর কোহাতের পুলিশ কর্মকর্তাদের একটি আবাসিক ভবনে মঙ্গলবার গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর কোহাতের পুলিশ কর্মকর্তাদের একটি আবাসিক ভবনে মঙ্গলবার গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। তালেবানরা পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও সরকারি কার্যালয়গুলোতে নতুন করে আরো হামলা চালানোর হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পরই এ হামলা হল। ঘটনাস্থল থেকে রয়টার্সের এক প্রতিবেদক জানান, বিস্ফোরণে বহু বাড়ি ভেঙে পড়েছে। লোকজন ধ্বংসস্তুপ খুঁড়ে উদ্ধারকাজ চালাচ্ছে। পুলিশ কর্মকর্তা দিলাওয়ার খান বাঙ্গাশ বলেন, আবাসিক ভবনের প্রবেশপথের কাছে দাঁড় করে রাখা একটি গাড়িতে বিস্ফোরক ছিল। তবে বিস্ফোরণটি রিমোট কন্ট্রোলের সাহায্যে ঘটানো হয়েছে নাকি কোনো আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি দিলাওয়ার। কোহাত শহরটি খাইবার ও ওরাকজাই আদিবাসী এলাকার কাছাকাছি জায়গায় অবস্থিত। এ শহরটি আল কায়দা ও তালেবান সংশ্লিষ্ট জঙ্গিদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। বন্যা কবলিত পাকিস্তানের জন্য কোহাতে এ গাড়িবোমা হামলা আরেকটি বড় ধাক্কা। পাকিস্তানে ইতোমধ্যেই কয়েকদফা আত্মঘাতী তালেবান জঙ্গি হামলায় প্রায় ১২০ জন নিহত হয়েছে। বন্যার এ সময়টিতে মাত্র ১ মাস শান্ত থাকার পর তালেবানরা গত সপ্তাহ থেকে সরকারের পতন ঘটাতে রক্তক্ষয়ী তৎপরতা শুরু করেছে। সোমবার উত্তরপশ্চিমের লাক্কি মারওয়াত শহরে সর্বশেষ আত্মঘাতী হামলায় ১৯ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে তালেবানরা। কিন্তু এটাই শেষ নয়। এরপর আরো হামলার হুমকি দিয়ে তালেবান মুখপাত্র আজিম তারিক বলেছেন, "আমেরিকানরা পাকিস্তানের অনুমতিতে ড্রোন হামলা চালাচ্ছে। আমরা নিরাপত্তা বহিনী, পুলিশ ও সরকারি কার্যালয়গুলোতে আত্মঘাতী হামলা চালিয়ে এর জবাব দেব।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/বিসিএস/১৩১২ ঘ.