মিলওয়াউকি, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন চাকরি ক্ষেত্র তৈরি এবং অবকাঠামো উন্নয়নে ছয় বছরের একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
এ পরিকল্পনা বাস্তবায়নে ৫০০ কোটি ডলার বিনিয়োগ হবে। এছাড়া বিভিন্ন খাতে কর কমানোও তার পরিকল্পনায় রয়েছে।
সোমবার এক শ্রমিক সমাবেশে নতুন পরিকল্পনা তুলে ধরে ওবামা বলেন, "আমরা দেড় লাখ মাইল রাস্তা পুনর্নির্মাণ এবং ৪ হাজার মাইল রেললাইন প্রতিস্থাপন করতে যাচ্ছি।"
এ সপ্তাহে ওবামার পুনর্গঠন পরিকল্পনার কিছু প্রাথমিক পদক্ষেপের কথা ঘোষণা করেন, যার সমালোচনা এরই মধ্যে শুরু করেছে রিপাবলিকানরা। বিশ্লেষকরা মনে করছেন, নতুন নতুন আশার বাণী দিয়ে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় কংগ্রেস প্রতিনিধি পরিষদের নির্বাচনে জয়ের ক্ষেত্র তৈরি করছে ডেমোক্র্যাটরা।
ওবামা প্রশাসনের এক কর্মকর্তা জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী ২ বছরে ২ হাজার কোটি ডলার কর কমতে পারে। নতুন এ পরিকল্পনায় নতুন চাকরির ক্ষেত্র তৈরির কথা রয়েছে। তবে ২০১১ সালের আগে নতুন কোনো চাকরির ক্ষেত্র তৈরি হবে না।
নতুন এ পরিকল্পনার আওতায় ওবামা সড়ক ও রেললাইনের পাশাপাশি ১৫০ মাইল রানওয়ে পুনর্নির্মাণও বিমান চলাচল পদ্ধতির আধুনিক করার প্রস্তাবও রেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৬৫৩ ঘ.
bdnews24