মেহমুদ কোট (পাকিস্তান), সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বন্যাদুর্গত পাকিস্তানিদের জন্য বিদেশ থেকে পাঠানো ত্রাণ সামগ্রী এখন মিলছে বাজারে।
কর্মকর্তাদের দুর্নীতির কারণেই এই সব ত্রাণ বাজারে চলে আসছে বলে অভিযোগ রয়েছে। অবশ্য দোকানিদের কেউ কেউ বলছেন, দুর্গতরাই এসব সামগ্রী বিক্রি করে যাচ্ছেন।
তবে এই ঘটনাটি ত্রাণ কার্যক্রমের দুর্বল দিকটিই স্পষ্ট করে তুলেছে।
গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করছে এখন পাকিস্তান। এতে দেড় হাজারের বেশি মানুষ এরই মধ্যে মারা গেছে। বিভিন্ন দেশ ও দাতব্য সংস্থাগুলো থেকে ত্রাণ সামগ্রী ইতিমধ্যে পকি স্তানে পৌঁছতে শুরু করেছে।
খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশওয়ারে আটার প্যাকেট, রান্না করার তেলের টিন খোলা বাজারে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন, বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউএসএআইডির চিহ্ন যুক্ত এসব প্যাকেট খোলা বাজারে বিক্রি হচ্ছে।
পেশওয়ারের গুর মান্ডির দোকান মালিক আব্দুল গফুর দাবি করলেন, এসব জিনিস তিনি বন্যা দুর্গত মানুষদের কাছ থেকে কিনেছেন।
''এগুলো বিক্রি করে তারা যে টাকা পেয়েছে তা দিয়ে তারা অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনেছে", বলেন তিনি।
রহিমুল্লাহ খান অন্য এক দোকানি বলেন, "কর্মকর্তরা জড়িত না থাকলে এরকম ঘটনা ঘটতো না। কারণ বন্যা দুর্গতদের পক্ষে ট্রাক বোঝাই মাল সরবরাহ করা সম্ভব নয়।"
এদিকে 'বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী' লেখা আটাবোঝাই একটি ট্রাক থেকে মাল খালাস করতে দেখেছেন রয়টার্সের এক সাংবাদিক।
এসব ত্রাণসামগ্রী বাজারের দামের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে।
আটার ব্যবসায়ী নাজিব আহমেদ খান বলেছেন, "প্রতি ৫০ কিলোগ্রাম আটায় আমার ৩০০ পাকিস্তানি রুপি বেচে যাচ্ছে। যে কোন গ্রাহক এই আটাই বেছে নিচ্ছে কারণ এ আটা উন্নতমানের এবং দাম কম।"
এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে সরকারি কর্মকর্তারা একটি কমিটি গঠন করেছে।
এছাড়া জেলা কর্তৃপক্ষ অভিযান চালিয়ে চুরি করা ত্রাণ সামগ্রী পাওয়া গেছে এমন দুটি গুদাম বন্ধ করে দিয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/ এমআই/১৮৫৮ঘ
bdnews24