২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পের পর ক্রাইস্টচার্চে সান্ধ্য আইন

শক্তিশালী ভূমিকম্পের পর নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চে শনিবার সান্ধ্য আইন জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 03:26 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ওয়েলিংটন, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শক্তিশালী ভূমিকম্পের পর নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চে শনিবার সান্ধ্য আইন জারি করা হয়েছে। ভূমিকম্পের পর টেলিভিশন নিউজিল্যান্ডে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী জন কি বলেছেন, "অবিশ্বাস্য ক্ষয়ক্ষতি হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে কেউ প্রাণ হারায়নি।" তিনি বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংস্কারের জন্য ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা হতে সকাল ৭ টা পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকবে। স্থানীয় সময় শনিবার ভোররাত ৪টা ৩৫ মিনিটে আঘাত হানা ভূকম্পনটির কেন্দ্র ছিলো ক্রাইস্টচার্চের ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭ দশমিক ১। ভূমিকম্পে ক্রাইস্টচার্চ ও আশপাশের এলাকার রাস্তা, বৈদ্যুতিক লাইন ও ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনের সামনের অংশ ভেঙে রাস্তায় পড়ে অনেক গাড়ির ক্ষতি হয়েছে এবং রাস্তা বন্ধ হয়ে আছে। এমন প্রেক্ষাপটে উদ্ধার অভিযান সমন্বয়ে প্রায় সাড়ে তিন লাখ বসতির এ শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভবনের পড়ন্ত চিমনি ও কাচের আঘাতে দু'জন গুরুতর আহত হয়েছে। তাদের হাসতাপালে ভর্তি করা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষামন্ত্রী জন কার্টার রয়টার্সকে বলেছেন, "আমি মনে করি জাতি হিসেবে আমরা খুবই ভাগ্যবান যে এখানে কাউকে প্রাণ দিতে হয়নি।" তবে তিনি জানিয়েছেন, এতে ক্ষয়ক্ষতি বেশ ভালোই হয়েছে। প্রধানমন্ত্রী জন কি কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নিয়ে ওই শহরে ছুটে গেছেন। সেখানে তার বোন রয়েছে। ক্রাইস্টচার্চসহ আশেপাশের কয়েকটি ছোট শহরে ভূমিকম্পটি আঘাত হানে। সেসব এলাকায় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৪০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সুনামির কোনো পূর্বাভাস দেওয়া না হলেও প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র থেকে জানানো হয়, এর ফলে স্থানীয়ভাবে সুনামির সৃষ্টি হতে পারে। পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কিছু লুটপাটের ঘটনাও ঘটেছে। নিউজিল্যান্ডে এর আগে ১৯৬৮ সালে ৭ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পে ৩ জন নিহত হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/সিআর/বিসিএস/সিআর/এমআই/১৯২১ ঘ.