কাবুল, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে সোমবার রাস্তার ধারে দুটি পৃথক বোমা বিস্ফোরণের ঘটনায় ৭ মার্কিন সেনা নিহত হয়েছে।
ন্যাটো পরিচালিত আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী 'আইএসএএফ' একথা জানিয়েছে।
আইএএসএফ জানায়, দক্ষিণাঞ্চলেই দুটি পৃথক বোমা হামলায় ৭ মার্কিন সেনা নিহত হয়েছে।
রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণের একটি ঘটনায় নিহত হয় ৫ মার্কিন সেনা। আর অপর ঘটনায় নিহত হয় আরো ২ সেনা।
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনে তালেবান শাসনের পতনের পর থেকে বর্তমান সময়ে সহিংসতা সবচেয়ে মারাত্মক পর্যায়ে রয়েছে।
এ বছর বিদেশি সেনা নিহতের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, এ পর্যন্ত নিহত হয়েছে ৪৭০ জনেরও বেশি সেনা। যেখানে ২০০৯ সালে সারা বছরে মোট সেনা নিহতের সংখ্যা ছিল ৫২১।
'ডব্লিউডব্লিউডব্লিউ ডট আইক্যাজুয়ালিটি ডট অরগ' ওয়েবসাইট একথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৪১ ঘ.
bdnews24