২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল দায়ী থাকবে: আব্বাস

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিতব্য শান্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল দায়ী থাকবে বলে রোববার হুঁশিয়ারি জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 06:34 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

রামাল্লাহ, পশ্চিম তীর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিতব্য শান্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল দায়ী থাকবে বলে রোববার হুঁশিয়ারি জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধ না করলে আলোচনা ব্যর্থ হতে পারে বলে জানিয়েছেন আব্বাস। শান্তি আলোচনা শুরুর কয়েকদিন আগে ফিলিস্তিনি প্রেসিডেন্টের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য সুস্পষ্ট হুমকি। গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের চাপে পশ্চিম তীরে ১০ মাসের জন্য আংশিকভাবে ইহুদি বসতিস্থাপন বন্ধ রাখে ইসরায়েল। ২৬ সেপ্টেম্বরের এ সময়সীমা শেষ হয়ে যাবে। সময়সীমা আর বাড়ানো না হলে সরাসরি আলোচনা থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনিদের উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে আব্বাস বলেন, "১৯৬৭ সাল থেকে দখল করে রাখা ফিলিস্তিনি ভূমিতে যদি ইহুদি বসতি স্থাপন অব্যাহত থাকে তবে শান্তি আলোচনা বন্ধ হয়ে যাওয়ার যে হুমকি তার জন্য একমাত্র ইসরায়েলই দায়ী থাকবে।" যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেম, পশ্চিম তীরের দিকে ইঙ্গিত করে আব্বাস একথা বলেন। এসব অঞ্চলে প্রায় ৫ লাখ ইহুদি অভিবাসী বসবাস করছে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য ফিলিস্তিনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২২৮ঘ.