করাচি, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বন্যাদুর্গত প্রায় ৭২ হাজার শিশু পুষ্টিহীনতার কারণে মৃত্যু ঝুঁকিতে রয়েছে। ওদিকে, নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণাঞ্চলের আরো দুটি শহর ।
কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যায় পাকিস্তানে ৬০ লাখেরও বেশি মানুষ গৃহহারা হয়েছে। দক্ষিণাঞ্চল নতুন করে প্লাবিত হওয়ার এর মধ্যে ১০ লাখ মানুষ গত কয়েকদিনে বাস্তুহারা হয়েছে।
দেশটির হাজার হাজার শিশু পুষ্টিহীনতায় মারা যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের আরো দুটি শহরকে বন্যা গ্রাস করতে চাইছে। বাঁধ উঁচু করে কর্তৃপক্ষ শহর দুটি বাাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর মধ্যে থাট্টা নামের একটি শহরে বাঁধ ভেঙ্গে বন্যার পানি শহরের কাছে পৌঁছে গেছে।
সিন্ধু প্রদেশের রিলিফ কমিশনার রিয়াজ আহমেদ সুমরো বলেন, "বন্যার পানি এখনও থাট্টায় পৌঁছায়নি। তবে শহরের খুব কাছে চলে এসেছে।"
জুলাই মাসে প্রবল বৃষ্টিপাতের ফলে সিন্ধু নদের পানি উপচিয়ে এ বন্যা দেখা দেয়। এতে সরকারি হিসেব অনুসারে এখন পর্যন্ত ১৬ শ' লোকের প্রাণহানি হয়েছে।
এছাড়া প্রায় ৩২ লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জাতিসংঘ খাদ্য সংস্থা জানিয়েছে।
বন্যায় এখন পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২৪৫ বিলিয়ন রুপি।
জাতিসংঘ কর্মীরা বিশেষ করে রোগ ও খাদ্যাভাব বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। সংস্থাটির মানবিক সাহায্য সমন্বয়ক মার্টিন মগওয়াঞ্জা জানান, পাকিস্তানের এ দুর্যোগে আরও আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্র"তি প্রয়োজন।
তিনি বলেন, " বন্যা দুর্গত অঞ্চলে পুষ্টিহীনতার কারণে প্রায় ৭২ হাজার শিশু মৃত্যুমুখে রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১০৫৮ ঘ.
bdnews24