লস অ্যাঞ্জেলস, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মার্কিন সেলিব্রিটি প্যারিস হিল্টনকে শুক্রবার মধ্যরাতে কোকেন রাখার অভিযোগে গ্রেপ্তার করেছে লাস ভেগাসের পুলিশ। সেলিব্রেটি ওয়েবসাইট টিএমজেড শনিবার একথা জানিয়েছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, সাবেক টেলিভিশন তারকা প্যারিস হিল্টনের গাড়ি রাস্তায় আটকে তল্লাশি করলে তার কাছে কোকেন পাওয়া যায়। কোকেন রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
হিল্টন গাড়িটির একজন যাত্রী ছিলেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ড্রাইভারকেও গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ গঠনের আগে তাকে স্থানীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
হিল্টন শনিবার সকালে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে ওয়েবসাইটটি।
লাস ভেগাস পুলিশের মুখপাত্র মার্কাস মার্টিন বলেন, সাবেক টেলিভিশন তারকা হিল্টনকে ক্লার্ক কাউন্টি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। আদালতে উপস্থিত হওয়ার প্রতিশ্র"তির ভিত্তিতে শনিবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়।
বিশ্বখ্যাত হিল্টন হোটেলের প্রতিষ্ঠাতা কনরাড হিল্টন হচ্ছেন প্যারিস হিল্টনের প্রপিতামহ।
হিল্টন একাধারে মডেল, গায়িকা, অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার এবং রিয়েলিটি শো'র টেলিভিশন তারকা। নিজের নামে কোটি কোটি টাকার পোশাক, সুগন্ধি ও ওয়াইনসহ নানা ধরনের পণ্যের ব্যবসা চালান হিল্টন।
সর্বশেষ গত জুলাইয়ে ফুটবল বিশ্বকাপ চলাকালে গাজা (মারিজুয়ানা) সেবনের অভিযোগে হিল্টনকে গ্রেপ্তার করে দক্ষিণ আফ্রিকার পুলিশ। অবশ্য পরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছাড়াই তিনি মুক্তি পান।
এছাড়া ২০০৭ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চাালানোর অভিযোগে তিন সপ্তাহ লস অ্যাঞ্জেলস কারাগারে কাটান হিল্টন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২১৪৮ ঘ.
bdnews24