সিডনি, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রেলিয়ায় পুনরায় নির্বাচনের জন্য চাপ প্রয়োগের কৌশল নেওয়ার অভিযোগ শুক্রবার প্রত্যাখ্যান করেছেন বিরোধীদলীয় নেতা টনি অ্যাবোট।
সাংবাদিকদের উদ্দেশ্যে অ্যাবোট বলেন, "আমি মনে করি এই নির্বাচন থেকে একটি ফলাফল পাওয়ার অধিকার অস্ট্রেলিয়া এবং তার জনগণের রয়েছে।"
এর আগে গ্রিন পার্টির সিনেটর বব ব্রাউন সংশয় প্রকাশ করে বলেছিলেন, স্বতন্ত্র বিজয়ী কিংবা গ্রিন পার্টি থেকে নির্বাচিতদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংখ্যালঘু সরকার গঠনের পরিবর্তে অ্যাবোট পরিস্কার নির্বাচনই বেশি পছন্দ করবেন।
দেশটিতে কয়েকদিন আগে হয়ে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে কোনো দলই সরকার গঠন করার মতো প্রয়োজনীয় আসন পায়নি।
ফলে ক্ষমতাসীন কিংবা বিরোধী উভয়পক্ষকেই স্বতন্ত্র বিজয়ী ও অন্যদলের সঙ্গে জোটবদ্ধভাবে সরকার গঠন করতে হবে।
বিষয়টি দেশের বিনিয়োগকারীদের হতাশ করেছে। কেননা একক সরকার গঠিত না হলে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৩ঘ.
bdnews24