২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পরমাণু বিলে বিজেপি'র সমর্থন

পরমাণু দুর্ঘটনার ক্ষতিপূরণে আরো কঠোর আইন প্রণয়নে সরকার রাজি হওয়ায় ভারতের প্রধান বিরোধী দল বিজেপি বুধবার পরমাণু দায়বদ্ধতা বিলে সমর্থন দিতে সম্মত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 02:56 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

নয়া দিল্লি, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু দুর্ঘটনার ক্ষতিপূরণে আরো কঠোর আইন প্রণয়নে সরকার রাজি হওয়ায় ভারতের প্রধান বিরোধী দল বিজেপি বুধবার পরমাণু দায়বদ্ধতা বিলে সমর্থন দিতে সম্মত হয়েছে। এ বিল পাস হলে ভারতে ১৫০ বিলিয়ন ডলারের পরমাণু শক্তি বাজার উন্মুক্ত হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক জেনেরাল ইলেকট্রিক ও ওয়েস্টিংহাউজ ইলেক্ট্রিকের মত ফার্মগুলোর ভারতে প্রবেশের জন্য এ বিল গুরুত্বপূর্ণ। এ ফার্মগুলো পরমাণু দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের বিষয়টি সম্পর্কে পরিস্কার না হওয়া পর্যন্ত কোনো উদ্যোগ নিতে অনিচ্ছুক। সংশোধিত বিলটি পরমাণু দুর্ঘটনায় কোম্পানিগুলোর দায়বদ্ধতা বাড়াবে। সংশোধনের আগে বিলের আলোচ্য ধারায় বলা হয়েছিল, কোম্পানি তখনই ক্ষতিপূরণ দেবে যদি ক্ষয়ক্ষতির বিষয়টি ইচ্ছাকৃত বলে প্রমাণিত হয়। বর্তমান ধারায় 'ইচ্ছাকৃত' প্রত্যটি বাদ দেওয়া হয়েছে। দুর্ঘটনা ইচ্ছাকৃত কিনা তা প্রমাণ করা দুঃসাধ্য বলে এ বিলের বিরোধিতা করছিল প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এখন কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার এ ধারাটি পরিবর্তন করায় বিলে সমর্থন জানিয়েছে তারা। বিজেপির একজন জ্যেষ্ঠ নেতা সাংবাদিকদের বলেছেন, "আমরা খুবই সন্তুষ্ট যে সরকার বিজেপির দেওয়া সব পরামর্শই বিলে সংযোজন করেছে।" পরমাণু দায়বদ্ধতা বিলটি নিয়ে পার্লামেন্টের নিুকক্ষে আলোচনা চলছে। এখন এতে বিজেপি সমর্থন দেওয়ায় বিলটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৯ ঘ.