২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে প্রস্তাবিত 'মসজিদ' নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ

প্রস্তাবিত মুসলিম সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ নির্মাণের সমর্থক ও বিরোধী গোষ্ঠী রোববার নিউইয়র্কে পাল্টাপাল্টি সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 06:16 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

নিউ ইয়র্ক, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রস্তাবিত মুসলিম সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ নির্মাণের সমর্থক ও বিরোধী গোষ্ঠী রোববার নিউইয়র্কে পাল্টাপাল্টি সমাবেশ করেছে। পুলিশের প্রহরায় ম্যানহাটনে এই সমাবেশ হয় বলে জানা গেছে। নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্যকেন্দ্র টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়েদার হামলায় প্রায় ৩ হাজার মানুষ মারা যায়। সেই স্থানের কাছে এ ধরনের স্থাপনা নির্মাণের পরিকল্পনা বিতর্কের জন্ম দিয়েছে। যা জাতীয় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। রিপাবলিকানরা এ প্রকল্পের বিরাধী। তারা এটিকে ইস্যু করে মধ্যবর্তী নির্বাচনের আগ মুহূর্তে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ওবামার দল কংগ্রেসে আধিপত্য ধরে রাখার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিরোধীদের আশঙ্কা মসজিদটি ধর্মীয় মৌলবাদীদের আস্তানা হয়ে উঠতে পারে। শত শত বিরোধী 'মসজিদ নয়' বলে সুর তোলে। তারা দেশাত্ববোধক গান গেয়ে ইসলামী মৌলবাদীদের সহিংস হামলার ছবিসহ প্ল্যাকার্ড বহন ধরে। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, "সব মুসলিমই সন্ত্রাসী নয়, কিন্তু সব সন্ত্রাসীই মুসলিম"। অন্যদিকে সমর্থকরা সুর তোলে, "ধর্মান্ধরা কী বলে তা দেখার বিষয় নয়, এখানে যেন ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১২০৮ঘ.