নয়া দিল্লি, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে বেসরকারি পরমাণু দায়বদ্ধতা বিলের সংশোধনী শুক্রবার মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে এবং শনিবার তা পার্লামেন্টে উত্থাপন করা হতে পারে। কংগ্রেস দলীয় একজন জ্যেষ্ঠ মন্ত্রি একথা জানিয়েছেন।
গত বুধবার বেসামরিক পরমাণু দায়বদ্ধতা বিলের বিভিন্ন ধারা সংশোধন করে তা আরো কঠোর করার সুপারিশ করে সংসদীয় কমিটি।
তাতে পরমাণু দুর্ঘটনায় ক্ষতিপূরণের অর্থ তিনগুণ করার পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলোর দায়দায়িত্ব আরো বাড়ানোর সুপারিশ করা হয়।
নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ঐ মন্ত্রি বলেন, "সংসদীয় কমিটির সুপারিশ করা সংশোধনীগুলো মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।"
মন্ত্রিপরিষদ জানায়, প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নতুন আপত্তি তোলায় বিলটিতে শনিবার ক্ষুদ্র একটি সংশোধনী আনা হবে।
বিজেপি বিলটিতে একটি শব্দ 'অ্যান্ড' অর্থাৎ 'এবং' যোগ করা নিয়ে আপত্তি তোলে। তাছাড়া তাদের অন্যান্য আপত্তিগুলো সংসদীয় কমিটির সুপারিশে উল্লেখ করা হয়।
বিলে দুটি ধারার মধ্যে 'অ্যান্ড' শব্দটি যোগ করায় পরমাণু সাজসরঞ্জাম সরবরাহকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে অস্পষ্টতা থেকে যায়।
সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী, বিলে পরমাণু দুর্ঘটনায় ক্ষতিপূরণের অর্থ তিনগুণ বাড়ানো ছাড়াও সাজসরঞ্জামের খারাপ মান বা ত্র"টির জন্যও কোম্পানিগুলোকে দায়ী করার প্রস্তাব দেওয়া হয়।
এ সংশোধনীর ফলে কেবল কোম্পানিগুলোর ইচ্ছাকৃত বা চরম গাফিলতির জন্যই দায়বদ্ধতার প্রশ্ন উঠবে না সেইসঙ্গে প্রশ্ন উঠবে তাদের সেবার মান নিয়েও।
তাছাড়া আগে পরমাণু দুর্ঘটনায় কেবল মানুষের জানমালের ক্ষয়ক্ষতির হিসাব ধরা হলেও সংশোধনীতে এর সঙ্গে যোগ করা হয় পশুপাখি, গাছপালা, ফসল ও উদ্ভিদের ক্ষয়ক্ষতিও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এএইচ/১৯০৩ ঘ.
bdnews24