২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারের দুর্ভোগ পোহাবে উন্নয়নশীল দেশগুলো

সারা বিশ্বে ২০২০ সালের মধ্যে ৬০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৭০ শতাংশ ক্যান্সার আক্রান্ত ব্যক্তিই হবে উন্নয়নশীল দেশগুলোর অধিবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

হং কং, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সারা বিশ্বে ২০২০ সালের মধ্যে ৬০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৭০ শতাংশ ক্যান্সার আক্রান্ত ব্যক্তিই হবে উন্নয়নশীল দেশগুলোর অধিবাসী। কিন্তু ভয়াবহ এ বিপর্যয়ের জন্য তারা প্রস্তুত নয়। ক্যান্সার বিশেষজ্ঞরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছেন। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ক্যান্সার সংস্থাগুলোর বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ক্যান ট্রিট ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই দেশগুলোর ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় অথবা দীর্ঘ মেয়াদী চিকিৎসা পরিচালনা করার মত অবকাঠামো নেই। সংগঠনটির সদস্য ও চিকিৎসক জোসেফ সাবা এক সাক্ষাৎকারে বলেছেন, "উন্নত দেশগুলো ক্যান্সারের সঙ্গে লড়ার জন্য প্রতিনিয়ত পরিকল্পনা ও ব্যবস্থাদি গ্রহণ করছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলো এ ব্যাপারে প্রস্তুত নয়। এ সমস্ত দেশে রোগীর রোগ নির্ণয় করা এবং চিকিৎসা সেবা দিতে অনেক দেরি হয়ে যায়। কোন কোন ক্ষেত্রে তাও হয়না। তাই মৃত্যুর সংখ্যা বেশি, অনেক বেশি।" উন্নয়নশীল দেশগুলোতে ক্যান্সার চিকিৎসায় সহায়তা করে থাকে ক্যান ট্রিট। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে অনুষ্ঠিত বিশ্ব ক্যান্সার সম্মেলনে ক্যান ট্রিট এ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০০৮ সালে বিশ্বব্যাপী নতুন করে ক্যান্সার আক্রান্ত হয়েছে ১২ দশমিক ৬৭ মিলিয়ন মানুষ। এর মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে মোট ৫৬ শতাংশ মানুষ ক্যান্সার আক্রান্ত হয়েছে। ২০২০ সালের মধ্যে বিশ্বে নতুন করে আরো ১৫ মিলিয়ন মানুষ ক্যান্সার আক্রান্ত হবে। এর মধ্যে ৬০ শতাংশ মানুষই আক্রান্ত হবে উন্নয়নশীল দেশগুলোতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৯ ঘ.