২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পার্লামেন্টে কঠোর পরমাণু দায়বদ্ধতা বিল পেশ

ভারতের বেসামরিক পরমাণু দায়বদ্ধতা বিলের বিভিন্ন ধারা সংশোধন করে তা আরো কঠোর করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 05:15 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

নয়া দিল্লি, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের বেসামরিক পরমাণু দায়বদ্ধতা বিলের বিভিন্ন ধারা সংশোধন করে তা আরো কঠোর করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এতে পরমাণু দুর্ঘটনায় ক্ষতিপূরণের অর্থ তিনগুণ করার পাশাপাশি বেসরকারি ফার্মগুলোর দায়দায়িত্ব আরো বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সংসদীয় কমিটির এ সংশোধনী রিপোর্ট বুধবার পার্লামেন্টের উভয়কক্ষে পেশ করা হয়। বিলটি পার্লামেন্টে পাশ হলে তা ভারতে পরমাণু বিদ্যুতের চাহিদা মেটানোয় সুফল বয়ে আনবে। আগের বিলে যেসব ধারা নিয়ে বিরোধীদলগুলো আপত্তি তুলেছিল সংশোধিত বিলে সেগুলো অনেকটাই দূর হওয়ায় এবার বিরোধীরা এ বিলে সমর্থন দিয়েছে। ফলে বিলটি পার্লামেন্টে পাশের পথ সুগম হয়েছে। সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী, বিলে পরমাণু দুর্ঘটনায় ক্ষতিপূরণের অর্থ তিনগুণ বাড়ানো ছাড়াও সাজসরঞ্জামের খারাপ মান বা ত্র"টির জন্যও ফার্মগুলোকে দায়ী করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে করে কেবল ফার্মগুলোর ইচ্ছাকৃত বা চরম গাফিলতির জন্যই কেবল দায়বদ্ধতার প্রশ্ন উঠবে না সেইসঙ্গে প্রশ্ন উঠবে তাদের সেবার মান নিয়েও। তাছাড়া আগে পরমাণু দুর্ঘটনায় কেবল মানুষের জানমালের ক্ষয়ক্ষতির হিসাব ধরা হলেও সংশোধনীতে এর সঙ্গে যোগ করা হয়েছে পশুপাখি, গাছপালা, ফসল ও উদ্ভিদের ক্ষয়ক্ষতিও। এ সুপারিশমালা গৃহীত হলে বেসরকারি পরমাণু ফার্মগুলোকে চড়া মূল্য দিতে হবে। তবে এতে করে নীতির স্বচ্ছতা বজায় থাকবে এবং তা প্রকারান্তরে পরমাণু প্রকল্পের কাজে গতি আনতে সহায়ক বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১১০৭ঘ.