২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইসরায়েল

মধ্যপ্রাচ্য আলোচনায় মধ্যস্থতাকারী বৃহৎ শক্তিগুলোর নির্দেশনার ভিত্তিতে সরাসরি শান্তি আলোচনা শুরুর জন্য ফিলিস্তিনের দেওয়া প্রস্তাব প্রত্যাখান করেছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 04:49 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

জেরুজালেম, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্য আলোচনায় মধ্যস্থতাকারী বৃহৎ শক্তিগুলোর নির্দেশনার ভিত্তিতে সরাসরি শান্তি আলোচনা শুরুর জন্য ফিলিস্তিনের দেওয়া প্রস্তাব প্রত্যাখান করেছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে। বামঘেষা দৈনিক পত্রিকা 'হারেৎজ' ও 'মারিভ'র প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জর্জ মিশেলকে বলেছেন যে, তিনি শিগগিরই ফিলিস্তিনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসতে চান। তবে সেক্ষেত্রে কোনো পূর্ব শর্ত তিনি মানতে পারবেন না। মিশেলের এ মিশন ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে নেতানিয়াহুর মুখপাত্র মার্ক রেগেভ এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। রেগেভ রয়টার্সকে বলেন, "ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সরাসরি শান্তি আলোচনা তাৎক্ষণিকভাবে শুরু করার জন্য প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল সরকার আহ্বান জানিয়ে আসছে।" কিছু সুনির্দিষ্ট বিষয়ে নেতানিয়াহু একমত না হলে শান্তি আলোচনা শুরু করতে অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কোনো এজন্ডা ছাড়া আলোচনায় বসলে নেতানিয়াহু কোনো শান্তি চুক্তি প্রস্তাব করতে পারেন যা গ্রহণযোগ্য নাও হতে পারে। এ সপ্তাহে ফিলিস্তিনে মিশেলের শেষ সফরে আব্বাস বলেন, শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী চার পক্ষের দেওয়া ১৯ মার্চের বিবৃতির আলোকে আলোচনা হলে তবেই কেবল ফিলিস্তিন সরাসরি সমঝোতা আলোচনায় যোগ দেবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ১৯ মার্চ শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল ও ফিলিস্তিনের করণীয় নিয়ে একটি বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ বন্ধ করতে হবে ইসরায়েলকে এবং ১৯৬৭ সালের যুদ্ধের আগে নিয়ম অনুযায়ী সীমান্ত নির্ধারণ করে একটি দেশ গঠন করে ২৪ মাসের মধ্যে ফিলিস্তিনের সঙ্গে একটি পূর্ণ শান্তি চুক্তিতে পৌঁছাতে হবে। এ প্রস্তাবই আব্বাসের পক্ষ থেকে মিশেল নেতানিয়াহুর কাছে নিয়ে যান। তবে আব্বাস এ বিষয়ে লিখিত কোনো স্বীকারোক্তি চেয়েছিলেন, নাকি মৌখিক স্বীকৃতি চেয়েছিলেন সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২২০ ঘ.