২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণবহরে হামলা এড়াতে সব চেষ্টা করে ইসরায়েল: এহুদ বারাক

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক মঙ্গলবার বলেছেন, গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে নৌকমান্ডোদের হামলা চালানোর আগে তা এড়াতে সব ধরনের পদক্ষেপ নিয়েছিলো ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 03:09 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

জেরুজালেম, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক মঙ্গলবার বলেছেন, গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে নৌকমান্ডোদের হামলা চালানোর আগে তা এড়াতে সব ধরনের পদক্ষেপ নিয়েছিলো ইসরায়েল। নৌবহরে হামলার ঘটনা তদন্তে ইসরায়েল সরকার পরিচালিত তদন্ত কমিটিতে সাক্ষ্য দিতে গিয়ে এ বক্তব্য দেন তিনি। ৩১ মে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি নৌ সেনারা কমান্ডো হামলা চালায়। সে হামলায় ৯ জন তুর্কি ত্রাণকর্মী নিহত হয়। সে হামলার প্রতিবাদে মুখর হয়ে ওঠে সারা বিশ্ব এবং ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে তাদের এক সময়কার সবচেয়ে ঘনিষ্ট মুসলিম মিত্র দেশ তুরস্ক। এহুদ বারাক বলেন, ত্রাণবাহী নৌবহর 'ফ্রিডম ফ্লোটিলা' থামানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এবং তা থামানোর সব সম্ভাবনা শেষ হওয়ার পর এ হামলার সিদ্ধান্ত নেয়া হয়। সাবেক শীর্ষ জেনারেল এহুদ বারাক আরো বলেন, ইসরায়েলের সেনাপ্রধান তাকে বলেছিলেন, "অভিযানটি খুব সহজ হবে না। তবে আমরা তা করতে পারবো।" এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ তদন্ত কমিটিতে সাক্ষ্য দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২০৩৯ ঘ.