২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বন্যা কবলিত এলাকা ছেড়ে যেতে মরিয়া দুর্গতরা

পাকিস্তানের বন্যা কবলিত জেলাগুলি ছেড়ে যেতে শনিবার মরিয়া হয়ে উঠেছে দুর্গতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 06:07 PM

Updated : 25 Aug 2022, 05:43 PM

মুজ্জাফরগড়, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের বন্যা কবলিত জেলাগুলি ছেড়ে যেতে শনিবার মরিয়া হয়ে উঠেছে দুর্গতরা। বন্যা কবলিত এলাকায় নতুন করে ভারি বর্ষণের আশঙ্কায় জনগনের দুর্ভোগ এবং সরকারের প্রতি ক্ষোভ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সেনারা বন্যা কবলিত এলাকাগুলো থেকে দুর্গতদের হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তখন হেলিকপ্টারে একটু জায়গা করে নিতে মরিয়া হয়ে ওঠা অসহায় মানুষগুলো। পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এসব এলাকায় ভারি বষর্ণের সম্ভাবনা রয়েছে এবং তাতে আরো কিছু অঞ্চল নতুন করে প্লাবিত হবে। বন্যা দুর্গতদের জন্য আন্তর্জাতিক ত্রাণ সহায়তার আবেদন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। গিলানি বলেছেন, এ মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির হাত থেকে আরো মানুষকে বাঁচানো। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ত্রাণ ভর্তি হেলিকপ্টার এবং উদ্ধারকর্মীরা ঠিকমত কাজ করতে পারছে না। এ পরিস্থিতিতে প্যারিস ও লন্ডন সফর করে জনগণের তোপের মুখে পড়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পাকিস্তানে গত ৪০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যার এরকম সংকটময় মুহূর্তে জারদারির বিদেশ সফরকে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের জেলাগুলোতে ভয়াবহ বন্যার কারণে শনিবার সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়। পাশাপাশি সিন্ধু নদের তীরবর্তী লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ইতোমধ্যে কমপক্ষে ১৬ শ' মানুষ প্রাণ হারিয়েছে এবং বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড়কোটি মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২৩৫০ ঘ.