ইসলামাবাদ , আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----পাকিস্তানে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যায় ১ কোটি ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা একথা জানিয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান নাদিম আহমেদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের এ সংখ্যা শুধুমাত্র উত্তর-পশ্চিমাঞ্চলের খায়বার-পাখতুনখা এবং মধ্য পাঞ্জাব প্রদেশের।
দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
তিনি বলেন, হিসাব অনুযায়ী ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে ৬৫০,০০০ বাড়ি।
বিবিসি জানায়, ইসলামাবাদে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে আহমেদ বলেছেন, "পুরো হিসাব শেষ হলে এটিই পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় হবে বলে মনে করছি।"
শুক্রবার পাকিস্তানের আবহাওয়া দপ্তর বন্যাকবলিত এলাকাগুলোতে নতুন করে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
সিন্ধুর সুক্কুর এলাকায় ইতোমধ্যেই তলিয়ে গেছে ৭০ টি গ্রাম। বন্যাকবলিত হওয়ার ঝুঁকির মুখে রয়েছে অন্ততপক্ষে ১১ টি জেলা।
পানি বাড়তে থাকায় শনিবার নাগাদ পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে।
শস্য উৎপাদন এলাকাগুলো বন্যার পানিতে ভেসে গিয়ে পাকিস্তানে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়ে ইতোমধ্যেই খাদ্য সঙ্কট দেখা দেওয়ার উপক্রম হয়েছে।
উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পাঞ্জাব হয়ে বন্যা এখন দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশও গ্রাস করতে থাকায় আরো বেশি ক্ষয়ক্ষতি এবং দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে ব্রিটেন সফর করে জনগণের তোপে পড়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
বন্যায় অপর্যাপ্ত ত্রাণ সহায়তার কারণে জনগণ ক্ষুদ্ধ। তার ওপর এ মুহূর্তে দেশে জারদারির অনুপস্থিতি জনগণের ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে।
শুক্কুর শহরের এক অধিবাসী গুলাম রসুলের উক্তি, "এরকম সংকটে সামগ্রিক ত্রাণ বিতরণ কর্মসূচি তদারক করার পরিবর্তে প্রেসিডেন্ট বিদেশে যাওয়াটাই বেছে নিয়েছেন। আমাদের দিকে তাদের কোনো নজর নেই। তারা নিজেদের কর্মসূচি, নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১৪১ ঘ.
bdnews24