২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে খাদ্য সঙ্কটের আশঙ্কা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যায় খাদ্য সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে দুর্গত মানুষের জীবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 05:56 AM

Updated : 25 Aug 2022, 05:34 PM

ইসলামাবাদ, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যায় খাদ্য সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে দুর্গত মানুষের জীবন। জাতিসংঘের এক ত্রাণ সংস্থা বুধবার এ কথা জানায়। এ পরিস্থিতি রাজনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জন্য এক নতুন সঙ্কট তৈরি করেছে। কারণ দেশটিতে বেসামরিক সরকারের দুর্যোগ মোকাবিলার অতীত ইতিহাস হতাশাজনক। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিওএফপি) মুখপাত্র আমজাদ জামিল জানিয়েছেন, সংস্থাটির কর্মীরা খাদ্য সরবরাহ হতে বিচ্ছিন্ন উত্তরপশ্চিমাঞ্চলের বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। বন্যায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জাতিসংঘের একটি সাহায্য সংস্থা ইতোপূর্বে জানিয়েছে। সেনাবাহিনীর সঙ্গে তালেবান জঙ্গিদের যুদ্ধের কারণে বন্যা আঘাত হানার আগেই পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় এ অঞ্চল থেকে প্রায় ১০ লাখ মানুষ তাদের বসতবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে জামিল জানান, "অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে আমরা ছয়টি হেলিকপ্টার পাচ্ছি। এর মাধ্যমে আমরা বন্যায় বিছিন্ন এলাকাগুলোতে পৌঁছতে পারবো।" তিনি বলেন, আপনি কল্পনা করুন, পাঁচ-ছয় দিনের বন্যায় এ অঞ্চল কী বিপর্যয়ের মুখে পড়েছে। মানুষের খাদ্য মজুদ শেষ হয়ে গেছে। বাজারগুলো খোলা নেই, দোকান-পাট ধ্বংস হয়ে গেছে। মানুষগুলো নিশ্চিতভাবে চরম খাদ্য সঙ্কটে পড়েছে। তিনি আরো বলেন, গত সপ্তাহ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন মানুষগুলোর জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে খাদ্য পাঠানো প্রয়োজন। এক সপ্তাহ আগে শুরু হওয়া এ বন্যায় প্রায় ১ হাজার ৪শ'রও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আরো বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে যা বন্যা পরিস্থিতির অবনতি ঘটাবে। এছাড়া কলেরার মতো পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যা স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/সিআর/১৩৪০ঘ.