আদাইশে, লেবানন, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল ও লেবানন সীমান্তে মঙ্গলবার দু'দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ে ৫ জন নিহত হয়েছে। ২০০৬ সালের যুদ্ধের পর দু'দেশের সীমান্তে এটিই সবচেয়ে মারাত্মক সহিংসতা।
নিহতরা হচ্ছেন, লেবাননের তিন সেনা ও এক সাংবাদিক এবং একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা। তবে সেনা কর্মকর্তা নিহতের ব্যাপারে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
দুপক্ষের মধ্যে গুলি বিনিময় কিভাবে শুরু হল তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
লেবননের সেনাবাহিনী বলেছে, সীমান্তে তাদের অংশের আদাইশে গ্রামে ঢুকে ইসরায়েলি সেনারা গাছ কাটতে থাকলে তাদেরকে হুঁশিয়ার করতে লেবানিজ সেনারা ফাঁকা গুলি ছুড়ে। এর জবাবে কামানের গোলা ছোড়ে ইসরায়েলি সেনারা।
ওদিকে, ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তাদের সেনারা সীমান্তে নিজেদের অংশেই 'কিরিয়াত শেমোনা' শহরের কাছে ছিল। এ সময় তাদের ওপর গুলি ছোড়া হয়।
এর জবাবে আদাইশে গ্রামের নিকটবর্তী লেবাননের একটি সেনা ঘাঁটিতে হেলিকপ্টার থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল। এতে একটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।
লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, ইসরায়েলের এ ক্ষেপণাস্ত্র হামলায় তিন লেবানিজ সেনা ও এক লেবানিজ সাংবাদিক নিহত হয়। তাছাড়া হামলায় আরো পাঁচ জন আহত হয়েছে বলেও তিনি জানান।
ওদিকে, ইসরায়েল জানিয়েছে, বাফার জোনে তাদের দুই সেনা গুলিবিদ্ধ হয়েছে।
তবে হিজবুল্লাহর আল মানার টেলিভিশন জানিয়েছে, হামলায় ইসরায়েলের উচ্চপদস্থ একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী এ সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সহিংসতা না থামলে লেবানন পরিণতি ভোগ করবে বলে সতর্ক করে দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়।
এ ঘটনার পর লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহনীর কর্মকর্তারা উভয় পক্ষকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তবে এ সংঘর্ষে ইরান ও সিরিয়া সমর্থিত হিজবুল্লাহ গেরিলাদের কোনো সংশ্লিষ্টতা নেই। লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে চার বছর আগে ইসরায়েলের যুদ্ধ হয়।
লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি তার দেশের স্বার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলের নিন্দা করেছেন।
তার দপ্তর থেকে বলা হয়েছে, লেবাননের সেনাদের ওপর ইসরায়েলি আগ্রাসন রুখতে করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী সাদ হারিরি মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে যোগাযোগ করেছেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সংঘর্ষের জন্য লেবাননের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ জানাবে ইসরায়েল। ২০০৬ সালের যুদ্ধ বন্ধে নিরাপত্তা পরিষদের দেওয়া সিদ্ধান্ত বৈরুত ভঙ্গ করেছে বলে অভিযোগ করছে ইসরায়েল।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ সংঘর্ষের জন্য লেবানন সরকার দায়ী বলে ইসরায়েল মনে করে এবং এ ধরনের সহিংসতা চলতে থাকলে তার পরিণতি ভাল হবে না।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসরায়েলি সেনারা আদাইশে গ্রামে কামানের গোলা নিক্ষেপ করেছে।
হিজবুল্লাহর আল মানার টেলিভিশন বলেছে, সীমান্তে ইসরায়েলের এক উর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তবে ইসরায়েলের সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৫১ ঘ.
bdnews24