বেইজিং , ৩০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---জাপানকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে চীন। চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় প্রশাসনের প্রধান শুক্রবার এই মাইলফলক স্পর্শের খবর জানিয়েছেন।
তিন দশকের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি চীনের জন্য এ সুফল বয়ে এনেছে। যে প্রবৃদ্ধি কোটি কোটি মানুষের দারিদ্র্য ঘুচিয়েছে।
বিশ্ব ব্যাংকের গোল্ডম্যান স্যাচের ধারণা, ২০২৫ সাল নাগাদ চীন বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্রকে টপকে এক নম্বর আসন দখল করে নেবে। তবে চীনের মুদ্রা বিনিময় হার কত দ্রুত বৃদ্ধি পায় তার ওপরই এ অবস্থান অর্জনের বিষয়টি নির্ভর করবে।
২০০৯ সালেই চীন প্রায় জাপানকে ছাড়িয়ে যাচ্ছিল। আর এখন প্রকৃত পক্ষেই জাপানকে ছাড়িয়ে চীন বিশ্বে দ্বিতীয় প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত 'চায়না রিফর্ম ম্যাগাজিন' এর সঙ্গে এক সাক্ষাৎকারে চীনের প্রধান মুদ্রা নিয়ন্ত্রক ইয়াই গ্যাং বলেছেন, আসলেই চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
ইউয়ান এর আন্তর্জাতিক মুদ্রায় পরিণত হওয়ার সময় এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে ইয়াই বলেন, "চীন এখনও একটি উন্নয়নশীল দেশ। আমাদের নিজেদের ব্যাপারে নিজেদেরকে আরো সচেতন হতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৩৬ ঘ.
bdnews24