বিশকেক, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ কিরগিজস্তানের জন্য আন্তর্জাতিক দাতারা ১১০ কোটি মার্কিন ডলার সাহায্য দিতে একমত হয়েছে। কিরগিজ অন্তবর্তীকালীন সরকার মঙ্গলবার একথা জানিয়েছে।
মধ্য এশিয়ার এ দেশটিতে জুন মাসে মারাত্মক সহিংসতার পর আগামী ৩০ মাস মেয়াদে এই সহায়তা দিতে রাজি হল দাতা দেশগুলো।
এক বিবৃতিতে জানানো হয়েছে, কিরগিজ রাজধানী বিশকেকে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারী দাতারা ২০১০ সালের বাকি মাস গুলোতে ৬০ কোটি মার্কিন ডলার সহায়তা দিতে একমত হয়েছেন।
বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে দাতা গোষ্ঠীর বৈঠকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা বলেছেন, আশা করছি সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং দাতা গোষ্ঠীর মধ্যে থেকে আমরা প্রয়োজনীয় অর্থ পাব।
তিনি আরো বলেছেন, এপ্রিলে কিরগিজ প্রেসিডেন্ট উৎখাত হওয়ার পর থেকে শুরু হওয়া বিশৃঙ্খলা এবং কয়েক মাসের সহিংসতার জের ধরে কিরগিজস্তানের অর্থনীতি ৫ শতাংশ সংকুচিত হবে।
জুন মাসে কিরগিজস্তানে উজবেক এবং কিরগিজ জাতিগোষ্ঠির মধ্যে প্রায় ছয় সপ্তাহ ধরে চলা সহিংসতায় তিন শতাধিক মানুষ নিহত হয়। প্রায় ৪ লাখ লোক ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১২৬ ঘ.
bdnews24