২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা আসন্ন: আহমাদিনেজাদ

যুক্তরাষ্ট্র আগামী তিন মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত দুটি দেশে সামরিক অভিযান চালাতে পারে। ইরান এমনটিই আশঙ্কা করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 01:39 PM

Updated : 25 Aug 2022, 05:01 PM

তেহরান, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র আগামী তিন মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত দুটি দেশে সামরিক অভিযান চালাতে পারে। ইরান এমনটিই আশঙ্কা করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার একথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। তবে ইরানের ওপর হামলা হতে পারে এমন মনে করেন কিনা সে সম্পর্কে তিনি সুনির্দিষ্ট কিছু উল্লেখ করেননি। তাছাড়া কোন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি এ ধরনের আসন্ন হামলার আলামত পেয়েছেন সে সম্পর্কেও পরিস্কার করে কিছু বলেননি আহমাদিনেজাদ। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ইরানে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করে ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি কেবলই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। মঙ্গলবার রোলিং নিউজ চ্যানেলে সম্প্রচারিত বক্তব্যে আহমাদিনেজাদ বলেন, "আগামী তিন মাসের মধ্যে তারা এ অঞ্চলের অন্তত ২ টি দেশে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।" নিজেদের পরমাণু অস্ত্র সম্পর্কে কোনো তথ্য দিতে নারাজ ইসরায়েলের কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সন্দেহজনক পরমাণু স্থাপনায় হামলা চালানোর পূূর্ব ইতিহাস আছে। ১৯৮১ সালে ইসরায়েল ইরাকের একমাত্র পরমাণু প্রকল্প ধ্বংস করে দেয় এবং ২০০৭ সালে তারা সিরিয়ার একটি স্থাপনায় বোমা হামলা চালায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পরমাণু অস্ত্র সমৃদ্ধ ইরান হবে 'সন্ত্রাসের চূড়ান্ত হুমকি'। নেতানিয়াহুর ডেপুটি মোশে ইয়ালোন বলেছেন, ইসরায়েল তার সামরিক শক্তি বাড়িয়েছে। এ শক্তি গাজা, লেবানন, সিরিয়া বা ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। আহমাদিনেজাদ বলেন, "ইরানের কাছে সুস্পষ্ট তথ্য রয়েছে যে, যুক্তরাষ্ট্র একটি পরিকল্পনা এঁটেছে এবং যে অনুযায়ী তারা ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাবে।" পরমাণু বিতর্ক নিয়ে তেহরানের ওপর চাপ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিষেধাজ্ঞারও সমালোচনা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৩৫ ঘ.