২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ

আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ রয়েছে যা জরুরিভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তাদের হাজার হাজার দলিল ফাঁস করে দেওয়া উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 04:46 PM

Updated : 25 Aug 2022, 04:54 PM

লন্ডন, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ রয়েছে যা জরুরিভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তাদের হাজার হাজার দলিল ফাঁস করে দেওয়া উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। সরকারের অনৈতিক কর্মকাণ্ড প্রকাশের উদ্দেশ্যে করা উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসেঞ্জ আফগানিস্তানে বেসামরিক মানুষ হত্যার বিষয় গোপন করার অপরাধে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, তাদের সংগৃহীত মার্কিন বাহিনীর বিশাল তথ্যভাণ্ডারে এ অভিযোগের পক্ষে অনেক প্রমাণ রয়েছে। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত আফগান যুদ্ধ নিয়ে তার ওয়েবসাইট ৭৬ হাজার মার্কিন সামরিক বাহিনীর গোপন দলিল প্রকাশ করেছে এবং আগামী কয়েক সপ্তাহে আরো কয়েক হাজার দলিল প্রকাশের কথা বলেছে। মার্কিন সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ধরনের তথ্য ফাঁসের এ ঘটনার সমালোচনা করে যুক্তরাষ্ট্র সরকার বলেছে, এ ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে আসেঞ্জ বলেন, "যুদ্ধাপরাধের কোনো ঘটনা ঘটেছে কিনা সে সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করবে। তবে এগুলোর মধ্যে যুদ্ধাপরাধের প্রমাণ রয়েছে।" মার্কিন বাহিনীর এ তথ্য ফাঁসের সূত্র সম্পর্কে কিছু বলেননি তিনি। জঙ্গিবাদ বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ সহায়তা নিলেও পাকিস্তান আফগানিস্তানে তালেবান জঙ্গিদের সক্রিয়ভাবে সহায়তা করছে বলেও ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছে। আসেঞ্জ বলেন, "এ তথ্যগুলোর প্রকৃত সত্য হলো, এটা যুদ্ধ। এ জঘন্য ঘটনাগুলো একটার পর একটা ঘটেছে। এগুলো একের পর এক ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা, একের পর এক নিষ্পাপ শিশুর মৃত্যু।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২৪৩ ঘ.