২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ বন্ধের হুমকি শাভেজের

ভেনেজুয়েলায় বিদ্রোহীরা আশ্রয় নেওয়ার অভিযোগে কলম্বিয়া সেনা হামলা চালালে যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে রোববার হুমকি দিয়েছেন হুগো শাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 06:10 AM

Updated : 25 Aug 2022, 04:59 PM

কারাকাস, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলায় বিদ্রোহীরা আশ্রয় নেওয়ার অভিযোগে কলম্বিয়া সেনা হামলা চালালে যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে রোববার হুমকি দিয়েছেন হুগো শাভেজ। কলম্বিয়ার বিদ্রোহীদের ভেনেজুয়েলা আশ্রয় ও মদদ দিচ্ছে বলে অভিযোগ করার পরিপ্রেক্ষিতে গত সপ্তায় প্রতিবেশী এই রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন শাভেজ। যুক্তরাষ্ট্র তার মিত্র কলম্বিয়ার সঙ্গে সম্পর্কছিন্নের বিষয়টি নিয়ে সমালোচনা করার জবাবে শাভেজ তেল সরবরাহ বন্ধের হুমকি দেন। ভেনেজুয়েলা তাদের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্রকে এবারই প্রথমবারের মতো তেল সরবরাহ বন্ধের হুমকি দিল। শাভেজ বলেন, "কলম্বিয়ার ভ'খন্ড বা অন্য কোনো স্থান থেকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র হামলা চালানো হলে পাথর খেয়ে বেঁচে থাকতে হলেও যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ বন্ধ করে দেব আমরা।" বেশ কিছু সেনা ঘাঁটিতে মার্কিন সেনাদের প্রবেশাধিকার দিয়ে বোগোটার সঙ্গে করা এক চুক্তির বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন শাভেজ। ওপেকের সদস্য রাষ্ট্র ভেনেজুয়েলার রপ্তানি আয়ের ৯০ শতাংশেরও বেশি আসে তেল বিক্রি করে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এদিকে কিউবায় থাকা ভেনেজুয়েলার তেল মন্ত্রী রাফায়েল রামিরেজ জানান, তেল শিল্প 'হলুদ সতর্কতা'য় রয়েছে এবং শাভেজের নির্দেশ মানার বিষয়ে তাদের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, "এটা হলো প্রথম পদক্ষেপ। সামরিক হামলার মুখে পড়লে যুক্তরাষ্ট্রের কাছে তেল ও অন্যান্য পণ্য সরবরাহ বন্ধ করতে প্রস্তুত রয়েছে রয়েছি আমরা।" এ সমস্যার সমাধানে আগামী সপ্তাহে ইকুয়েডরে দক্ষিণ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় বসবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫৬ঘ.