লন্ডন , জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---বিপির প্রধান নির্বাহী কর্মকর্তা টনি হেওয়ার্ডের বিদায় নিয়ে সোমবার কোম্পানির বোর্ড বৈঠকে বসবে।
বিপি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈঠকে হেওয়ার্ড বিপিতে থাকবেন কি থাকবেন না তা নিয়ে আলোচনা নয় বরং আলোচনা হবে তিনি কখন বিদায় নিচ্ছেন তা নিয়ে।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি বিপির একজন উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ২৪ ঘন্টার মধ্যেই টনি হেওয়ার্ডের পদত্যাগের ঘোষণা আসতে পারে।
হেওয়ার্ডের পরিবর্তে বব ডাডলি বিপির পরবর্তী প্রধান নির্বাহী হওয়ার সম্ভাবনা রয়েছে। বব ডাডলি বর্তমানে মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি সামলানোর দায়িত্ব পালন করছেন।
গত মাসেই হেওয়ার্ডের কাছ থেকে এই দায়িত্ব বুঝে নেন তিনি।
এর আগে ব্রিটিশ দৈনিক সানডে টেলিগ্রাফ হেওয়ার্ডের পদত্যাগের সম্ভাবনার কথা বলেছিল। মঙ্গলবার বিপির অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশের আগেই হেওয়ার্ড পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছিল পত্রিকাটি।
গত ২৮ বছর ধরে বিপিতে কাজ করেছেন হেওয়ার্ড। তবে মেক্সিাকো উপসাগরে তেল দুর্ঘটনায় তীব্রভাবে সমালোচিত হন তিনি।
এর আগে তেলকূপ দুর্ঘটনার দায়িত্ব না নেয়ায় এক মার্কিন সিনেটরের কাছে অপমানিত হন তিনি।
২০ এপ্রিলে তেলকূপ বিস্ফোরণে ১১জন কর্মী মারা যাওয়ার পর মেক্সিকো উপসাগরে বিপুল পরিমাণ তেল নিঃসরণ ঘটেছে। এই দুর্ঘটনাকে গত কয়েক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয় বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৩০ ঘ.
bdnews24