জাতিসংঘ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্থগিত হয়ে যাওয়া আন্তর্জাতিক নিরস্ত্রিকরণ বিষয়ক আলোচনা কীভাবে পুনরায় শুরু করা যায় সে লক্ষ্যে সেপ্টেম্বরে উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
জাতিসংঘে নিয়োজিত কূটনীতিক ও কর্মকর্তারা বুধবার একথা জানান।
আগামী ২৪ সেপ্টেম্বর নিরস্ত্রিকরণ বিষয়ক আলোচনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
ওইসময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তখন বিশ্ব নেতারা জাতিসংঘে আসবেন।
জেনেভা ফোরামে ১২ বছর আগে বিশ্বের একমাত্র বহুজাতিক নিরস্ত্রিকরণ আলোচনাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই বৈঠক আহ্বান করেছেন বান।
জাতিসংঘের সমর্থনে ১৯৭৮ সালে ৬৫ জাতির নিরস্ত্রিকরণ সম্মেলনে (সিডি) প্রচলিত জীবাণু অস্ত্র ও রাসায়নিক অস্ত্র বিষয়ে আলোচনা হলেও ১৯৯৮ সাল থেকে সদস্যরা বিষয়টিকে আর প্রাধান্য না দেওয়ায় কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, মাত্র তিনঘণ্টার বৈঠক হবে। জাতিসংঘ মহাসচিব বৈঠকের সভাপতিত্ব করবেন।
তিনি আরো জানান, বৈঠক শেষে ফলাফলের সারমর্ম পড়ে শোনানো হবে। তবে বৈঠক থেকে কী ফলাফল পাওয়া যেতে পারে সে বিষয়টি নিয়েই এখন আলোচনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৫ঘ.
bdnews24