নিজামেনা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সফররত সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরকে গ্রেপ্তার করবে না বলে বৃহস্পতিবার জানিয়েছে চাদের সরকার।
আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বুধবার থেকে চাদ সফরে রয়েছেন বশির।
এই প্রথম বশির আন্তর্জাতিক অপরাধ আদালতের পূর্ণ সদস্য একটি রাষ্ট্র সফর করছেন।
তবে চাদের সরকার জানিয়েছে, সফরকালে সুদানের প্রেসিডেন্ট বশিরকে গ্রেপ্তারের প্রশ্নই ওঠেনা।
আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
রয়টার্সের একপ্রত্যক্ষদর্শী বশিরকে উড়োজাহাজ থেকে নামতে দেখেছেন। চাদের প্রেসিডেন্ট ইড্রিস ডেবি তাকে স্বাগত জানান।
সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা নিশ্চিত ডেবি বশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে হস্তান্তর করবেন না।
বশিরের বিরুদ্ধে সুদানের প্রত্যন্ত অঞ্চল দারফুরে ধর্ষণ, নির্যাতন এবং খুনের অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১২৫২ঘ.
bdnews24