কাবুল, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার ভোরে থেমে থেকে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দেশটির ভবিষ্যৎ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আগে এ বিস্ফোরণগুলো ঘটলো।
সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ বিভিন্ন দেশের প্রায় ৬০ জন রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা এখন কাবুলে অবস্থান করছেন।
ইতোমধ্যে সম্মেলন উপলক্ষ্যে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে কাবুল। রাজধানীর কূটনৈতিক অঞ্চলসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসস্থানগুলোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
মঙ্গলবার ভোরে (১৯৩০ জিএমটি) কমপক্ষে চারটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কঠোর নিরাপত্তা বেষ্টনির আশে-পাশে এই বিস্ফোরণগুলো ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কিন্তু কাবুলে আত্মঘাতী ও কমান্ডো স্টাইলে হামলা চালানোই জঙ্গিদের মূল্য লক্ষ্য।
বিস্ফোরণের ব্যাপারে তথ্যের জন্য কোনো আফগান নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
তবে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (ইসাফ) একজন মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ তারা শুনেছেন।
কিন্তু এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিস্ফোরণের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে।
সম্মেলনে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ঘোষিত ত্রাণ তহবিলে বৃহত্তর নিয়ন্ত্রণের দাবি জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৮ঘ.
bdnews24