ব্রাসেলস, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা অনুমোদন করবেন।
ইরানের বাণিজ্য, ব্যাংকিং ও ইনসুরেন্স, বিমান ও জাহাজে পণ্য পরিবহন খাতসহ তেল ও গ্যাস শিল্পে আমদানী খাত এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে অতিরিক্ত কঠোর পদক্ষেপ হিসাবে এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ইইউ নিয়েছে গত ১৭ জুনে।
জাতিসংঘ ১০ জুন ইরানের ওপর ৪র্থ দফা নিষেধাজ্ঞা আরোপের পর ইইউ নতুন এ নিষেধাজ্ঞার খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করে।
ইইউ রাষ্ট্রদূতরা এখনো খসড়াটি অনুমোদন করেননি। এ সপ্তাহে ব্রাসেলস বৈঠকে তাদের এটি অনুমোদন করার কথা রয়েছে। খসড়া প্রস্তাবে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবার ব্রাসেলস বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, খসড়াটি ১৭ জুনে ইউরোপীয় কাউন্সিলের ঘোষণা অনুযায়ীই অনুমোদন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৩৭ ঘ.
bdnews24