ওয়াশিংটন, জুলাই ২০ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে দিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কৌশলী ও বাস্তববাদী হবেন বলে মঙ্গলবার জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
একইসঙ্গে প্রভাব অক্ষুন্ন রাখতে অন্যান্য ক্ষেত্রেও উভয় দেশেরই সম্পর্ক তৈরি করা উচিত বলেও জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের আগে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক লেখায় ক্যামেরন এ মন্তব্য করেন।
মঙ্গলবার ওবামার সঙ্গে বৈঠক করতে প্রথম যুক্তরাষ্ট্র সফরে গেছেন ক্যামেরন। বৈঠকে তিনি বিপি এবং লকারবি মামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা নেবেন বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটেনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো মিত্রজোটসঙ্গী হিসাবে স্পষ্টতই 'জুনিয়র' আখ্যা দিয়ে ক্যামেরন বলেন, তারপরও বৈঠকে তিনি স্বদেশের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের বিষয়টি মাথায় রাখবেন।
এ দৃষ্টিকোণ থেকেই ক্যামেরন দু'দেশের মধ্যে দিপক্ষীয় সম্পর্কে বাস্তবসম্মত অবস্থান নেবেন বলে জানান।
খোলাসা করে ক্যামেরন বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় মাত্রাতিরিক্ত দাসসুলভ সম্পর্ক রাখতে আগ্রহী নয় তার কনজারভেটিভ-লিবারেল ডেমোক্র্যাট সরকার। বরং যেসব ক্ষেত্রে দু'দেশের একযোগে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে সেসব ক্ষেত্রে পাশাপাশি অবস্থানে থেকেই ব্রিটিশ সরকার কাজ করতে চায় বলে জানান তিনি।
তিনি আরো বলেছেন, "দু'দেশেরই দীর্ঘদিনের স্বার্থের বোঝাপড়া আছে। আর এই বোঝাপড়া বা মিত্রতা যে ঐতিহাসিক সম্পর্ক কিংবা অন্ধ বিশ্বাসের কারণে টিকে আছে তা নয়। এটি হলো পছন্দনীয় অংশীদারিত্ব যা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করছে।"
মেক্সিকো উপসাগরে তেল বিস্ফোরণের ঘটনায় ব্রিটিশ তেল সংস্থা বিপি কে নিয়ে ওবামার ক্ষোভ বৈঠকে ছায়া ফেলবে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে ক্যামেরন বিপিকেই সমর্থন জনাবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও রয়েছে লকারবি বোমা হামলায় জড়িত মেগ্রাহির মুক্তির বিষয়টি।
বিপি তেল দুর্ঘটনা, মেগ্রাহির মুক্তি ছাড়াও আফগানিস্তান যুদ্ধসহ বিশ্বব্যাপী আর্থিক মন্দা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও দু নেতার মধ্যে আলোচনা গবে।
ওয়াশিংটন ও নিউ ইয়র্কে দুদিনের সফর শেষে তুরস্ক ও ভারত সফরে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭৫১ ঘ.
bdnews24