২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের জন্য সাহায্য ঘোষণা করলেন হিলারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সোমবার পাকিস্তানের জন্য ৫০ কোটিরও বেশি মার্কিন ডলার সাহায্য ঘোষণা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 04:09 PM

ইসলামাবাদ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সোমবার পাকিস্তানের জন্য ৫০ কোটিরও বেশি মার্কিন ডলার সাহায্য ঘোষণা করেছেন। ওয়াশিংটন আশা করছে এর ফলে মিত্র দেশ পাকিস্তানের জনমনে যুক্তরাষ্ট্রকে নিয়ে সংশয় দূর হবে যা পাশ্ববর্তী দেশ আফগানিস্তান যুদ্ধ জয়ে সহায়ক হবে। নতুন এ সাহায্য প্যাকেজে আছে বাঁধ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, কৃষি উন্নয়ন এবং হাসপাতাল নির্মাণ প্রকল্প। পাঁচ বছর মেয়াদে পাকিস্তানের জন্য বেসামরিক খাতে ৭৫০ কোটি মার্কিন ডলার সাহায্যের বিল যুক্তরাষ্ট্র গত বছর কংগ্রেসে পাস করেছে। ওই বিলের আওতায়ই নতুন এ সাহায্য প্যাকেজের অধীনে প্রকল্পগুলোর কাজ শুরু হবে। হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে কয়েক দফা কৌশলগত আলোচনার লক্ষ্যে দুই দিনের এ সফরে ইসলামাবাদে গেছেন। আলোচনার লক্ষ্য, আল কায়েদা ও তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে পরস্পর সন্দিহান দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করা। দু'দেশ ইতোমধ্যেই ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট অচলবস্থা থেকে বেরিয়ে এসেছে বলে এক যৌথ সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ওদিকে, টাউন হল সভায় হিলারি বলেছেন, "দীর্ঘ দিন ধরে বিশ্বাসের ঘাটতি তৈরি হওয়ায় আমরা দু'দেশই ক্ষতিগ্রস্থ হয়েছি যা আমাদের পিছিয়ে দিয়েছে। আমরা এর কারণ জানি এবং এর দায় স্বীকার করেছি। কিন্ত আমাদের সে বিশ্বাস ফিরিয়ে আনা প্রয়োজন।" পাকিস্তান সফরের পর হিলারি কাবুলে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৪ ঘ.