২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লেখযোগ্য অগ্রগতি নেই পাক-ভারত আলোচনায়

ভারত ও পাকিস্তানের দুই পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবীত করতে বৃহস্পতিবার আলোচনায় বসলেও দু'পক্ষে তেমন কোনো অগ্রগতি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 09:48 AM

Updated : 25 Aug 2022, 02:00 PM

ইসলামাবাদ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত ও পাকিস্তানের দুই পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবীত করতে বৃহস্পতিবার আলোচনায় বসলেও দু'পক্ষে তেমন কোনো অগ্রগতি হয়নি। বৈঠকে দুই মন্ত্রী ভবিষ্যতে আরো আলোচনা চালিয়ে যেতে রাজি হলেও পারস্পরিক আস্থা অর্জনের কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। ২০০৮ সালে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে ফাটল ধরে। সে হামলায় ১৬৬ জন প্রাণ হারায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস.এম. কৃষ্ণা শান্তি প্রক্রিয়া ফিরিয়ে আনার লক্ষ্যে কয়েক ঘন্টা বৈঠক করেছেন। মুম্বাই হামলার পর শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। আলোচনা শেষে কোরেশি সাংবাদিকদের বলেছেন, "আমরা দুজনই একমত হয়েছি যে শান্তি আলোচনা গুরুত্বপূর্ণ এবং আমরা ভবিষ্যতে এ আলোচনা চালিয়ে যাবো।" কৃষ্ণা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি বলেন, আমি মনে করি এ আলোচনা আমাদের মধ্যে ভাল বোঝাপড়া তৈরিতে সহায়ক হয়েছে।" কৃষ্ণা আরো বলেন, তিনি কোরেশিকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু কোন মন্ত্রীই পরবর্তী আলোচনার জন্য নির্দিষ্ট তারিখ ঠিক করেননি এবং এমন কোন ঘোষণা দেননি যা উদ্বেগ কমাতে সহায়ক হতো। সংবাদ সম্মেলনে উভয়ই গোমড়া মুখো এবং বিমর্ষ ছিলেন। তাদের মধ্যে কথাবার্তা হয়েছে সামান্যই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৫৪৪ ঘ.