২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত মহাসাগরে সমুদ্রস্তর বৃদ্ধি আশঙ্কাজনক

ভারত মহাসাগরে আশঙ্কাজনকভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এতে হুমকির মুখে পড়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার নিম্নাঞ্চলের উপকূলবর্তী লাখ লাখ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 03:45 PM

Updated : 25 Aug 2022, 01:52 PM

সিঙ্গাপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ভারত মহাসাগরে আশঙ্কাজনকভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এতে হুমকির মুখে পড়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার নিম্নাঞ্চলের উপকূলবর্তী লাখ লাখ মানুষ। বিজ্ঞানীরা এক গবেষণায় একথা বলেছেন। যুক্তরাষ্ট্রের কলোরেডো বিশ্ববিদ্যালয় ও জাতীয় আবহাওয়া গবেষণা কেন্দ্রের গবেষকরা বলেন, জলবায়ু পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধি ও বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনের কারণে ভারত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। গত বছর নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, "জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব কোনো কার্যকর পদক্ষেপ না নিলে আমাদের আরো বেশি অনাবৃষ্টি, দুর্ভিক্ষের সম্মুখীন হওয়াসহ অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। আর তা আমাদেরকে কয়েক দশকের জন্য সমস্যায় ফেলবে।" গবেষকরা বলেন, ভারত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সমুদ্র উপকূলবর্তী ঐ সব অঞ্চলে বন্যা, ফসল নষ্ট হওয়াসহ নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা বেড়ে যাবে। ফলে সেখানকার অধিবাসীরা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। ভবিষ্যৎ ক্ষতির ঝুঁকি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান গবেষকরা। বিশ্বে সাধারণত প্রতিবছর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা তিন মিলিমিটার করে বাড়ছে। বিজ্ঞানীরা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য গ্রীনহাউস গ্যাসের নির্গমনকে দায়ী করছেন। গ্রীন হাউস গ্যাস যেমন, জীবাশ্ম জ্বালানি পুড়ে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় তা বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়িয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৩২ঘ.