২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে টাইফুন কনসনে প্রাণহানি ২২

টাইফুন কনসনের আঘাতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ প্রধান দ্বীপ লুজোন এ ২২ জনের প্রাণহানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 01:21 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

ম্যানিলা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টাইফুন কনসনের আঘাতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ প্রধান দ্বীপ লুজোন এ ২২ জনের প্রাণহানি হয়েছে। কর্মকর্তারা বুধবার এ কথা জানিয়েছেন। এছাড়া ঝড়ে আরো ১২ জন আহত হয়েছে এবং ৫৭ জন নিখোঁজ রয়েছে। টাইফুনের আঘাতে অনেক গাছ ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অন্ধকারে কাটাতে হবে লক্ষাধিক মানুষকে। লুজোনে ঘণ্টায় ৫৫ থেকে ৭৩ মাইল বেগে বুধবার ওয়ান ক্যাটাগরির এ ঘূর্ণিঝড় বয়ে গেছে। আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, ধারণা করা হচ্ছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কনসন চীনে আঘাত হানবে। টাইফুনটি আরো শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানান, রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলে কেভিট প্রদেশে একটি ঘরের ওপর গাছ ভেঙে পড়লে দুজন নিহত হন। সোলেন নদীতে ডুবে একটি শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কর্মকর্তারা। একজন সেনা মুখপাত্র জানান, কেন্দ্রীয় কেটানডুয়ান্স দ্বীপের কাছাকাছি মাছ ধরার চারটি নৌকা ডুবে নিখোঁজ হওয়া ১৯ জনের মধ্যে ৯ জনকে পাওয়া গেলেও বাকি ১১ জন এখনো নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে তারা বেঁচে নেই। তিনি আরো জানান, ফেরি পারাপার বন্ধ রাখায় স্থানীয় বন্দরগুলোতে প্রায় ৪ হাজার যাত্রী আটকা পড়েছেন। ম্যানিলা ও আশেপাশের প্রদেশগুলোতে ঝড়ে অনেক গাছ ভেঙে পড়েছে। রাস্তায় আবর্জনা জমা হয়ে আছে। এছাড়া বন্যার কারণে শত শত পরিবার সাময়িক ভাবে অন্যত্র আশ্রয় নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/বিবি/১৪২৯ঘ.