ওয়াশিংটন, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ভিয়েতনাম যুদ্ধের পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের এক বৈঠকে দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও লাওস।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন ও লাওসের পররাষ্ট্রমন্ত্রী থঙ্গলুন সিসোলিথ মঙ্গলবার এক বৈঠকে এ অঙ্গীকার করেন।
১৯৭৫ সালে লাওস স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো সেদেশের কোনো কর্মকর্তা ওয়াশিংটন সফর করলেন।
বৈঠক শেষে যৌথ এক বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতার জন্য যৌথ সুবিধা ও গঠনমূলক সম্পর্ক তৈরিই আমাদের অঙ্গীকার।
সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে দেশ দুটি একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যাতে দুদেশের আকাশসীমা বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। যা বিচ্ছিন্ন লাওসকে পর্যটনের ক্ষেত্রে কিছুটা সুবিধা দেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলি জানান, দুদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
প্রসঙ্গত, ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েতনামের উত্তরাঞ্চলে সরবরাহ ব্যবস্থা বন্ধ করতে যুক্তরাষ্ট্র লাওসে মিলিয়ন মিলিয়ন বোমা নিক্ষেপ করে।
এ বছরের শুরুর দিকে একটি জরিপে দেখা যায়, ওই বোমা নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ৫০ হাজার মানুষ হতাহত হয়েছেন।
দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরি সম্পর্ক তাই দীর্ঘদিনের। এটি সহজে মুছে যাবে এ প্রত্যাশা কেউ করেনি।
এদিকে লাওসের সঙ্গে এ বৈঠককে আসিয়ান দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানো ও গভীর করতে যুক্তরাষ্ট্রের সত্যিকারের একটি উদ্যোগ হিসেবে মনে করছেন সেন্টার পর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাউথইস্ট এশিয়া প্রোগ্রামের প্রধান এরনি বোয়ার।
যৌথবিবৃতিতে বলা হয়, হিলারি ক্লিনটনকে লাওস সফরের আমন্ত্রণ জানিয়েছেন থঙ্গলুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/
bdnews24