২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা ৬৫

পাকিস্তানে মোহমন্দ জেলার ইয়াকাগুন্দ শহরে শুক্রবার একটি সরকারি কার্যালয়ের বাইরে ব্যস্ত বাজারে আত্মঘাতী হামলা ও সন্দেহজনক গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 10:17 AM

Updated : 25 Aug 2022, 01:36 PM

পেশোয়ার, পাকিস্তান, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- পাকিস্তানে মোহমন্দ জেলার ইয়াকাগুন্দ শহরে শুক্রবার একটি সরকারি কার্যালয়ের বাইরে ব্যস্ত বাজারে আত্মঘাতী হামলা ও সন্দেহজনক গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫ জন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা রাসুল খান এএফপিকে বলেন, মৃতের সংখ্যা বেড়ে ৬৫ হয়েছে। এছাড়া ১১২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানান তিনি। হামলায় বেশ বহুসংখ্যাক দোকানপাট ভেঙে পড়েছে এবং ধ্বংসস্তুপের নীচে অনেকেই চাপা পড়েছে। এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি। তিনি আরো জানান, ধ্বংসস্তুপে আটকে পড়া লোকদের এখনো উদ্ধার করা হচ্ছে।" হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে খান বলেছেন, নিহতদের মধ্যে নারী এবং আদিবাসী পুলিশ আছে। ফলে আদিবাসী অঞ্চলের মুসলিম জঙ্গিরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তা মাকসুদ আহমেদ এএফপিকে জানান, ইয়াকাগুন্দে এ আত্মঘাতী বোমা হামলা ঘটে। রাসুল খান জানান, "দুইটি বোমা হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোটরবাইকে করে প্রথম আত্মঘাতী হামলাটি চালানো হয়েছে। এছাড়া আমরা একটি গাড়ির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছি। এ থেকে ধারণা করা হচ্ছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরবর্তী বোমা হামলাটি চালানো হয়েছে।" বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি এবং অন্তত ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনিক ভবনের সামনেই এই বিস্ফোরণ ঘটানো হয়, যেখানে অনেক মানুষ হুইলচেয়ার নেওয়ার জন্য জড়ো হয়েছিলেন। প্রশাসনিক কর্মকর্তা মাকসুদ জানান, "বিস্ফোরণে প্রশাসনিক কার্যালয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয় একটি কারাগারের দেয়ালও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে ২৮ জন বন্দী এই সুযোগে পালিয়ে গেছে।" পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত ৭টি জেলার একটি হচ্ছে ইয়াকাগুন্দ। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, এ অঞ্চলটি হচ্ছে আল কায়েদার বৈশ্বিক সদর দপ্তর। অঞ্চলটির ওপর পাকিস্তার সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। ছোট্ট এই শহরটি থেকে আফগান সীমান্ত খুব বেশি দূরে নয়, যেখানে মার্কিন নেতৃত্বাধীন প্রায় দেড়লাখ সেনা অবস্থান করছে। পারমাণবিক ক্ষমতাধর পাকিস্তান আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্মুখ সারির মিত্র। এখনো পর্যন্ত কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি । গত তিনবছরে তালেবান ও আল কায়েদা সংশ্লিষ্ট হামলায় অন্তত ৩ হাজার ৪শ' মানুষের প্রাণহানি হয়েছে। এ মাসের ২ তারিখে লাহোরে এক মাজারে দুটি আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহত হয়। এর পরপরই পাকিস্তানি নেতৃত্ব এ সপ্তাহেই ইসলামি জঙ্গিদের হুমকি মোকাবিলায় কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতীয় সম্মেলনের আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/ বিসিএস/বিবি/১৯১৩ ঘ.