২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে পরমাণু আলোচনা চায় ইরান

পরমাণু কর্মসূচি ও অন্যান্য বিষয়ে সেপ্টেম্বরে বিশ্বশক্তিগুলোর সঙ্গে আলোচনা চায় ইরান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের কাছে এক চিঠিতে এ আলোচনা প্রস্তাব দিয়েছেন ইরানের প্রধান পরমাণু আলোচক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 02:35 PM

Updated : 25 Aug 2022, 01:32 PM

ব্রাসেলস, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পরমাণু কর্মসূচি ও অন্যান্য বিষয়ে সেপ্টেম্বরে বিশ্বশক্তিগুলোর সঙ্গে আলোচনা চায় ইরান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের কাছে এক চিঠিতে এ আলোচনা প্রস্তাব দিয়েছেন ইরানের প্রধান পরমাণু আলোচক। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে গত মাসে দেশটির ওপর জাতিসংঘের চতুর্থ দফা অবরোধ আরোপের পর বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের আলোচনার ইচ্ছার পরিস্কার ইঙ্গিত এ প্রস্তাব। ৬ জুলাইয়ের এ চিঠিতে ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলি আলোচনা অনুষ্ঠানের আগে তিনটি বিষয়ে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাসটোনের কাছ থেকে পুনরাশ্বাস চেয়েছেন। এগুলো হল, আলোচনা সহযোগিতামূলক হওয়া, আলোচনায় উভয় পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া এবং ইহুদি রাষ্ট্রটির পরমাণু অস্ত্র বিষয়ে অ্যাস্টোনের অবস্থান ব্যক্ত করা উচিত। ইহুদি রাষ্ট্র বলতে তিনি ইসরায়েলকে ইঙ্গিত করেছেন। জলিলি লিখেছেন, "এ বিষয়গুলোতে আপনার অবস্থানই অন্যান্য আগ্রহী দেশগুলোর উপস্থিতিতে এ বছর সেপ্টেম্বরে আমাদের আলোচনা শুরুর পট প্রস্তুত করতে পারে। বিশ্বে শান্তি, ন্যায় ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় বিশ্ববাসীর দুশ্চিন্তা দূর করতে এ আলোচনা জরুরি।" চিঠিটি সেদিনই ক্যাথেরিন অ্যাস্টোন গ্রহণ করেছেন। ইরানের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা স্বীকার করেছেন যে, ইরানের ওপর জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞার কারণে তাদের পরমাণু কর্মসূচির অগ্রগতি ব্যাহত হতে পারে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান সালেহির উদ্ধৃতি দিয়ে আইএসএনএ বার্তা সংস্থা বলেছে, "আমরা বলতে পারি না যে, নিষেধাজ্ঞার কোনো প্রভাব নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৩০ ঘ.