ধরমশালা, ভারত (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- পঁচাত্তরে এ পা রাখলেন তিব্বতের স্বাধীনতা আন্দোলনের নেতা ও আধ্যাত্মিক গুরু দালাইলামা।
মঙ্গলবার এ উপলক্ষ্যে দালাইলামার নিজ শহরে হাজার হাজার ভক্ত ও অনুসারী তার জন্মদিন পালন করছে এবং ইউরোপ-অস্ট্রেলিয়াসহ বিশ্বজুড়ে দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
এই ধর্মীয় গুরু আজ ভারতীয় হিমালয় অঞ্চলের ম্যাকলিয়ড গাঁজে অবস্থিত মন্দিরে ৫ হাজার ভক্ত ও শিষ্যের সঙ্গে সাক্ষাৎ করবেন।
চীনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভে ব্যর্থ হয়ে তিব্বত থেকে পালিয়ে ১৯৫৯ সাল থেকে তিনি এখানে বসবাস করছেন।
এ উৎসব আয়োজনের দায়িত্বে নিয়োজিত তিব্বতের নির্বাসিত সরকারের একজন কর্মকর্তা তাশি নরবু এএফপিকে বলেছেন, "সবকিছু প্রস্তুত।"
তিনি বলেন, "তার ৭৫ তম জন্মদিন উৎসবে তিনিও যোগদান করবেন।"
তিনি আরো বলেন, "তিব্বতের সকল অধিবাসী তার দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করবেন।"
উত্তর আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়া যেখানেই তিব্বতের অধিবাসীরা আছেন সেখানেই তারা দালাই লামার জন্মদিন পালনের জন্য গান-বাজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।
এছাড়া ইন্টারনেটের মাধ্যমেও অনেকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১১৪৪ঘ.
bdnews24